ব্রিগেডে শপথ অনুষ্ঠানে প্রায় ৪০০০ পুলিশের নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে কলকাতায়! আকাশ থেকেও নজরদারি
আনন্দবাজার | ০৭ মে ২০২৬
আগামী ৯ মে, পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়াও, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকতে পারেন পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে অনেক ভিভিআইপির উপস্থিতির কথা মাথায় রেখে আগামী শনিবার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে কলকাতাকে। প্রায় ৪০০০ পুলিশকর্মী সে দিন থাকবেন নিরাপত্তার দায়িত্বে।
শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির অন্দরে যেমন সাজো সাজো রব, তেমনই কলকাতা পুলিশও শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা আঁটোসাঁটো করতে ব্যস্ত। ঢেলে সাজা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেড এবং তার সংলগ্ন ময়দান এলাকায় নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ কমিশনার অজয় নন্দ। এ ছাড়াও, কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি, যুগ্ম সিপি এবং ডিসিরাও থাকবেন।
পুরো এলাকা কয়েকটি ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে খবর কলকাতা পুলিশ সূত্রে। জানা গিয়েছে, এই প্রতিটি সেক্টর বা ভাগের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। এলাকার বিভিন্ন বহুতল থেকে নজরদারি চালানো হবে। বিভিন্ন জায়গায় আকাশ থেকে নজরদারি চালানো হবে। রাস্তায় থাকবে ‘কুইক রেসপন্স টিম’ও। পুলিশ ছাড়াও নিরাপত্তা বলয়ে থাকবে কেন্দ্রীয় বাহিনীও।