• লেনিন-মূর্তি ভাঙায় ধৃত ৫ জন, সকালেই জামিন
    আনন্দবাজার | ০৭ মে ২০২৬
  • বিধানসভা ভোটে বিজেপি জেতার পরেই এলাকায় রটে যায়, রাস্তার মোড়ে থাকা লেনিনের মূর্তি সরিয়ে বসবে মরাঠা বীর শিবাজির মূর্তি। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শ্রীপৎ সিং কলেজের সামনে থাকা লেনিনের সে মূর্তি উপড়ে ফেলে কয়েকশো লোক। সমাজমাধ্যমে ছড়ানো ভিডিয়োয় হামলাকারীদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শোনা যায়। তবে ঘটনায় দলের কেউ জড়িত নয় বলে দাবি বিজেপির।

    মুর্শিদাবাদ পুলিশ-জেলার সুপার সচিন মাক্কার জানান, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে মঙ্গলবার রাতেই ওই ঘটনায় পুলিশ পাঁচ জনকে ধরে। বুধবার সকালে থানা থেকে ধৃতেরা জামিন পান। ঘটনার প্রতিবাদে এ দিন জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ-মিছিল করেছে বামেরা। জিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দেওয়া হয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, ২০০৮ সালে জিয়াগঞ্জের তদানীন্তন সিপিএম পরিচালিত পুরসভা লেনিনের মূর্তিটি বসিয়েছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েকশো লোক ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে সেখানে জড়ো হয়। ভাঙতে শুরু করে মূর্তি। লাথি মেরে, লাফালাফি করে ভেঙে ফেলে সেটি।

    কেন লেনিনের মূর্তি ভাঙা হল? নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, লেনিনের বদলে ওই জায়গায় শিবাজির মূর্তি বসবে বলে শুনেছিলেন। তাই সেখানে হাজির হন। বছর তিনেক আগে শিলিগুড়ির নকশালবাড়িতে লেনিনের একটি মূর্তির একাংশ ভেঙেছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দু’দিন আগে যাদবপুরে এইট-বি বাসস্ট্যান্ড চত্বরে থাকা লেনিনের মূর্তিতে সিঁদুর লেপে দেওয়া হয়েছিল। ২০১৯ সালের মে মাসে ভোটের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড-শো থেকে কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল।
  • Link to this news (আনন্দবাজার)