• ছেলের হত্যাকারীদের ফাঁসি নয়, যাবজ্জীবন সাজা চান চন্দ্রনাথের মা! খুনের জন্য দায়ী করলেন তৃণমূলের ‘গরম-গরম’ বক্তব্যকে
    আনন্দবাজার | ০৭ মে ২০২৬
  • ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। বৃহস্পতিবার তিনি বলেন, “দোষীরা শাস্তি পাক। আমি মা, তাই চাইব না ফাঁসি হোক। আমি যাবজ্জীবন কারাদণ্ড চাইছি।” চন্দ্রনাথের মৃত্যুর জন্য রাজ্যের বিদায়ী শাসকদল তৃণমূল নেতাদের ‘গরম-গরম বক্তব্য’কে দায়ী করেছেন তিনি।

    চন্দ্রনাথের মা বলেন, “তখন শাসকদলের নেতারা গরম-গরম বক্তৃতা দিয়েছিলেন। বলেছিলেন, চার তারিখের পর দিল্লির কোনও বাবা রক্ষা করতে পারবে না। সেটাই তাঁরা দেখিয়ে দিলেন।” রাজ্যের নতুন সরকারের কাছে ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন তিনি। চন্দ্রনাথের মায়ের কথায়, “নতুন সরকার যে গঠন করবে, তার কাছে অনুরোধ করব, আমার ছেলের মৃত্যুর শাস্তি হোক।”

    বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গুলি করে খুন করা হয় শুভেন্দুর আপ্তসহায়ককে। গাড়িতে সেই সময়ে তাঁর সঙ্গে আরও একজন ছিলেন। তিনিও গুলিবিদ্ধ হন। দু’জনকেই প্রথমে মধ্যমগ্রামের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। অপর জনকে কলকাতায় বাইপাসের ধারে এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিহত চন্দ্রনাথের দেহ বুধবার রাতেই নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মর্গে।

    চন্দ্রনাথ রথের হত্যার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। এই তদন্তকারী দলে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি সিআইডি-র আধিকারিকেরাও রয়েছেন। তবে কত জন সদস্যকে নিয়ে এই সিট গঠিত হয়েছে, কোন আধিকারিকেরা এই তদন্তকারী দলে রয়েছেন, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।
  • Link to this news (আনন্দবাজার)