এসআইআর ট্রাইবুনাল ছাড়লেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম! ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা
আনন্দবাজার | ০৮ মে ২০২৬
এসআইআরের ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। কমিশন সূত্রে খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিতেও ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যাতে ফের আবেদন করতে পারেন, তার জন্য ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই ট্রাইবুনালে ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম-সহ ১৯ জন প্রাক্তন বিচারপতি।
ট্রাইবুনালের বিচারপতিরা কোন পদ্ধতি মেনে আবেদন নিষ্পত্তি করবেন, তা ঠিক করতে সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ওই কমিটিতেও ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। তিনি ছাড়াও ওই কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ্ত রায় এবং অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণবকুমার দেব।
বাদ পড়া ভোটারদের ট্রাইবুনালে আবেদন করার সুযোগ রয়েছে। জোকায় ডায়মন্ড হারবার রোডের উপর ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’ ভবনে করা হয় ট্রাইবুনালের দফতর। সেই ট্রাইবুনালের দফতরে আপিল শুনছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শিবজ্ঞানম। যে ভোটারদের নাম নিষ্পত্তি হয়, তাঁরা ভোট দিতে সমর্থ হন।
শীর্ষ আদালত সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করে জানিয়েছিল, প্রথম দফার ১৫২টি আসনে (২৩ এপ্রিল) ভোট হওয়ার আগে ২১ এপ্রিল পর্যন্ত বাদ পড়া যে ভোটারদের আবেদন স্বীকৃতি পাবে, তাঁদের নাম সর্বশেষ ভোটার তালিকায় উঠবে। দ্বিতীয় দফার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য ছিল।