• পুরুলিয়ায় জাতীয় সড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক শিশু, জখম প্রায় ৩০ জন যাত্রী! শোরগোল এলাকায়
    আনন্দবাজার | ০৮ মে ২০২৬
  • যাত্রিবাহী বাস এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু এক নাবালিকার। জখম হয়েছেন ২৫-৩০ জন যাত্রী। শুক্রবার দুপুরে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের কাঁটাডির অদূরে কৌরাং গ্রামের কাছে এই দুর্ঘটনা হয়েছে। আহতদের উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। সেখানে আহত এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, যাত্রীদের মধ্যে একজনের মৃত্যুসংবাদ মিলেছে। মৃতের নাম দীপান্বিতা দাস। বয়স মাত্র ৬ বছর। বাড়ি পুরুলিয়ার টামনা থানা এলাকায়।

    শুক্রবার দুপুরে যাত্রিবাহী একটি বাস কৌরাং গ্রামের কাছাকাছি ছিল, ওই সময়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দু’টি যানই বেশ গতিতে চলছিল ওই সময়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। প্রবল ঝাঁকুনি হয়। জখম হন বাসের যাত্রীরা। হুড়োহুড়ি এবং আর্তনাদ শুরু হয়।

    ট্রাকটির সামনের অংশও দুমড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত অকুস্থলে পৌঁছোয় কাঁটাডি ফাঁড়ির পুলিশ। সকলের প্রচেষ্টা এবং তৎপরতায় বাসের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় বেশ কয়েক জন যাত্রীকেউদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে পুরুষ এবং মহিলা রয়েছেন। রয়েছে শিশুও। আহতদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। কী ভাবে দুর্ঘটনা হল, তাখতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)