• আরজি করের ঘটনায় বসবে কমিশন, সন্দেশখালিতেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা! ঘোষণা হবু মুখ্যমন্ত্রী শুভেন্দুর
    আনন্দবাজার | ০৯ মে ২০২৬
  • আরজি কর-কাণ্ড নিয়ে তিনি বরাবর সরব। বার বার আঙুল তুলেছেন পূর্বতন তৃণমূল সরকারের দিকে। এ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষিত হতেই শুভেন্দু অধিকারী শুক্রবার জানিয়ে দিলেন, ওই ঘটনায় নতুন করে কমিশন বসানো হবে। শুধু আরজি কর-কাণ্ড নয়, সন্দেশখালি-সহ রাজ্যের যেখানে যেখানে মহিলা নির্যাতনের অভিযোগ উঠেছে, সেই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। যেমনটা ভোটের আগে এ রাজ্যে ‘চার্জশিট’ প্রকাশ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠক করে শুভেন্দুকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।

    বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পরে প্রথম ভাষণে শুভেন্দু বলেন, ‘‘চার্জশিট প্রকাশের দিন শাহ দু’টি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষকে। সন্দেশখালি থেকে আরজি কর হয়ে যত জায়গায় মা-বোন-কন্যাদের অত্যাচার করা হয়েছে, তা নিয়ে কমিশন বসবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’’

    গত মার্চে রাজ্যে এসে ‘চার্জশিট’ প্রকাশ করেছিলেন শাহ। তাকে বিজেপির তরফ থেকে ‘জনতার চার্জশিট’ নাম দেওয়া হয়েছিল। ১৫টি ক্ষেত্র নির্দিষ্ট করে মমতার ১৫ বছরের রাজত্বকালকে আক্রমণ করা হয় তাতে। সেই ‘চার্জশিটে’ পশ্চিমবঙ্গে মহিলা নিরাপত্তা নিয়ে আঙুল তোলা হয়েছিল। আরজি কর, সন্দেশখালি, কসবা ল কলেজের ঘটনার কথা উল্লেখ করা হয়েছিল। সেই নিয়ে ব্যবস্থার কথাও বলেছিলেন শাহ। এ বার শাহের সেই প্রতিশ্রুতির কথাই মনে করালেন রাজ্যের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু।

    আরজি কর-কাণ্ডের আবহে শুভেন্দু জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। তিনি বলেন, ‘‘নির্যাতিতার বাবাকে মিছিলে হাঁটতে হবে না। তিনি শুধু এক বার ডাক দিন, যে নবান্ন অভিযান হবে। তার পর বাকিটা আমরা করে নেব।’’ শুভেন্দুদের সেই নবান্ন অভিযান মাঝপথেই আটকে দিয়েছিল পুলিশ। নির্যাতিতার মা চোট পেয়েছিলেন বলেও অভিযোগ। আরজি করের ঘটনায় বিধানসভা চত্বরেও বিক্ষোভ দেখান শুভেন্দু।

    বিধানসভা নির্বাচনের আগে নির্যাতিতার মা বিজেপি-তে যোগ দেন। পানিহাটিতে তাঁকে প্রার্থীও করে বিজেপি। সে সময় তিনি বলেন, ‘‘আমি মেয়ের বিচার চাই, নারীদের সুরক্ষা চাই, কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষা চাই। আমাদের মনে হয়েছে, এখন বিরোধী পক্ষ হিসাবে বিজেপি-ই ক্ষমতায় আসতে পারে। তাই আমরা বিজেপিতেই যোগ দিয়েছি। আমার মনে হয়েছে, আমার মেয়ের জন্য ন্যায় পেতে হলে বিজেপির সঙ্গেই থাকা দরকার।’’ বিধানসভার নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শাহ, শুভেন্দু— সকলেই বার বার সেই আরজি করের ঘটনাকেই তুলে ধরে পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দাগেন। নির্বাচনে নির্যাতিতার মা জয়ী হন। এ বার শুভেন্দু জানিয়ে দিলেন, ওই ঘটনা নিয়ে কমিশন বসবে। ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (আনন্দবাজার)