তৃণমূল সাংসদ সাগরিকার পোস্ট করা ভিডিয়োয় আপত্তি! এক্স-কে জানাল কলকাতা পুলিশ, পাল্টা বিঁধলেন সাংসদও
আনন্দবাজার | ১০ মে ২০২৬
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের সমাজমাধ্যম পোস্ট নিয়ে আপত্তি জানাল কলকাতা পুলিশ। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। ওই ভিডিয়ো নিয়েই পুলিশের আপত্তি রয়েছে বলে জানা যাচ্ছে। এক্স-কে ইতিমধ্যে সেই আপত্তির কথা জানিয়েও দিয়েছে তারা। এই বিষয়ে কলকাতা পুলিশের ‘ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যসভায় তৃণমূলের উপদলনেতা সাগরিকা। তাঁর দাবি, পোস্টটি মুছে ফেলতে এক্স-কে নোটিস পাঠিয়েছে পুলিশ। তার বদলে পুলিশের অশান্তি ঠেকাতে পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন সাংসদ।
শনিবার এক্স থেকে পাঠানো একটি ইমেলের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন সাগরিকা। ওই ইমেলে সাগরিকাকে বলা হয়, তাঁর হ্যান্ডলের একটি ‘কনটেন্ট’ নিয়ে আপত্তি রয়েছে কলকাতা পুলিশের। ইমেলের সঙ্গে ওই ‘কনটেন্ট’-এর লিঙ্কও পাঠানো হয় সাগরিকাকে। ইমেলের ছবিতে পাওয়া লিঙ্কটি পুনরায় লিখে গুগ্লে সার্চ করলে খুলছে গত বৃহস্পতিবারের একটি পোস্ট।
শনিবার রাত পর্যন্ত সেটি রয়েছে তৃণমূল সাংসদের এক্স হ্যান্ডলে। ১ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিয়োয় একটি গোলমালের দৃশ্য দেখা যাচ্ছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকেও সেখানে দেখা যাচ্ছে (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ওই ভিডিয়োর সঙ্গে সাগরিকা লিখেছিলেন, “উর্দিপরা, অস্ত্রধারী কেন্দ্রীয় বাহিনী কেন পশ্চিমবাংলায় নিষ্ক্রিয় হয়ে চুপচাপ দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে? কে তাদের হাত বেঁধে রেখেছে?”
কলকাতা পুলিশ তাঁর সমাজমাধ্যম পোস্ট নিয়ে আপত্তি জানাতেই পুলিশের ‘ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। এক্স-এর পাঠানো ইমেলের ছবি সমাজমাধ্যমে শেয়ার করে কলকাতা পুলিশকে ‘ট্যাগ’ করে সাগরিকা লিখেছেন, “ওহ তাই নাকি? সত্য কথা তুলে ধরা ভিডিয়োগুলি সরিয়ে ফেলার জন্য এখন আপনারা এক্স-কে নোটিস পাঠাচ্ছেন? এ সব না-করে আপনারা অশান্তির বিরুদ্ধে কেন পদক্ষেপ করছেন না?”
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল জয়ী ৮০টি আসনে। রাজ্যের বিধানসভা আসনের সংখ্যা ২৯৪ হলেও ফলতায় পুনর্নির্বাচন হচ্ছে। সে কারণে ২৯৩টি আসনে ভোটগণনা হয়েছে। তার মধ্যে কংগ্রেস দু’টি, সিপিএম একটি, আইএসএফ একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) দু’টি আসনে জয়ী হয়েছে। রাজ্যে ভোট গণনার পর থেকে বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠে এসেছে। তৃণমূলের অভিযোগ, বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের উপর হামলা হচ্ছে। এ অবস্থায় অশান্তি রুখতে পুলিশকে ফের সক্রিয় হওয়ার জন্য বললেন সাগরিকা। বস্তুত, শনিবার রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান থেকেও ভোটপরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।