• বোমাতঙ্ক শিলিগুড়িতে! রাস্তার ধারে পড়ে সন্দেহজনক বস্তু, খবর পেয়েই এলাকা ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী
    আনন্দবাজার | ১০ মে ২০২৬
  • ভোটমিটতেই শিলিগুড়িতে বোমাতঙ্ক ছড়াল। শনিবার রাতে শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের প্রধান পাড়ায় পথচলতি মানুষদের নজরে আসে এক সন্দেহজনক বস্তু। তাঁরা দেখেন, রাস্তার পাশে পড়ে রয়েছে মর্টার শেল বা ওই জাতীয় কিছু! আতঙ্কিত এলাকাবাসীরাই খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কেন্দ্রীয় বাহিনীও।

    শনিবার রাতের দিকে ওই সন্দেহজনক বস্তুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ির প্রধান পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বম্ব স্কোয়াডের সদস্যেরাও। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও ঘটনাস্থলে রয়েছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং বম্ব স্কোয়াড। ওই বস্তুটি কী, তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলেই খবর। অনেকের ধারণা, ওটা বিস্ফোরক জাতীয় কিছু হতে পারে।

    এলাকার বাসিন্দা জগদীশ রায় ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘এলাকার দু’জন শ্রমিক প্রথমে রাস্তার ধারে ওই বস্তুটিকে পড়ে থাকতে দেখেন। তাঁরাই আমাদের জানান। সন্দেহ হওয়ায় ভক্তিনগর থানায় খবর দিই। পুলিশ কিছু বুঝতে পেরেই আমাদের সরিয়ে দেয়। তার পরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এসে এলাকা ঘিরে ফেলেন৷ জনবহুল এলাকায় এই ধরনের জিনিস আতঙ্কের বিষয় অবশ্যই।’’

    উল্লেখ্য, সিকিমের বাঁধ বিপর্যয়ের পর এই ধরনের বিস্ফোরক বা মর্টার শেল প্রায়ই মিলছিল তিস্তা সংলগ্ন এলাকায়। সেনা বাহিনী সেগুলি উদ্ধার করে। পরে তা নিষ্ক্রিয় করে দেয়। শিলিগুড়িতে উদ্ধার হওয়া বস্তুটি তেমন কোনও পদার্থ কি না, তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)