• ‘দিদির শপথগ্রহণেও উপস্থিত ছিলাম’, রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান স্পষ্ট করলেন জিৎ
    আনন্দবাজার | ১০ মে ২০২৬
  • ভোট দিয়ে বেরিয়ে আসার দিন থেকে জল্পনা শুরু। এর পর রাজনৈতিক পালাবদল ঘটেছে। সমাজমাধ্যমে জিৎ স্বাগত জানিয়েছেন বিজেপি সরকারকে। রবীন্দ্রজয়ন্তীর দিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন পদ্ম শিবিরের জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী। অভিনেতা উপস্থিত সেই অনুষ্ঠানে। ব্যস, জল্পনা তীব্র। 'অরাজনৈতিক' তারকা কি অবশেষে রাজনীতির মঞ্চে?

    তাঁর আপ্তসহায়কের মাধ্যমে সেই প্রশ্ন অভিনেতার কাছে পৌঁছে দিয়েছিল আনন্দবাজার ডট কম। সহকারীর মারফত জিৎ এক লিখিত বার্তা পাঠিয়েছেন। সেখানে স্পষ্ট করেছেন তাঁর রাজনৈতিক অবস্থান। প্রসঙ্গত, এ দিন জিৎ ছাড়াও উপস্থিত ছিলেন অজয় চক্রবর্তী, মমতাশঙ্কর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পায়েল সরকার প্রমুখ। এসেছিলেন ছোটপর্দার অভিনেতা কৌশিক চক্রবর্তী, কৌশিক রায়, ঋষি চক্রবর্তী, অনুষ্কা চক্রবর্তী-সহ অনেকেই।

    জিৎ লিখেছেন, “জয়ী দল এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁকে সম্মান জানিয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। একই সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে যোগ দিয়েছি।” সাদা পাঞ্জাবি-চোস্ত আর গেরুয়া উত্তরীয়, এই ছিল অভিনেতা-প্রযোজকের সাজ। তিনি অনুষ্ঠানমঞ্চে পা রাখতেই সাড়া পড়ে যায়। কখনও কোনও রাজনৈতিক দলের প্রচারে যোগ না-দেওয়া ‘অরাজনৈতিক’ তারকা কেন রাজনৈতিক মঞ্চে? কৌতূহল ওঠে চরমে।

    তার উত্তরও জিৎ দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। আগের মুখ্যমন্ত্রীও তাঁকে সমাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই অবস্থান থেকেই জিতের আন্তরিক অনুরোধ, তাঁর এই উপস্থিতিতে রাজনৈতিক রং না দিলেই খুশি হবেন। কারণ, আজও তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
  • Link to this news (আনন্দবাজার)