• ‘১০ বছর আগে আমাদের ৩ জন বিধায়ক ছিলেন, আজ দুশোর বেশি’! বেঙ্গালুরুতেও মোদী-কণ্ঠে পশ্চিমবঙ্গে সাফল্যের কাহিনি
    আনন্দবাজার | ১০ মে ২০২৬
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে বিজেপি। তৃণমূল সরকারকে উৎখাত করে ২০৭ আসনে জয়ী হয়েছে পদ্মশিবির। বেঙ্গালুরুতে গিয়েও বাংলায় বিজেপির সাফল্যের কাহিনি শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে ১০ বছর আগে আমাদের মাত্র তিন জন বিধায়ক ছিলেন। কিন্তু আজ সেখানে ২০০ জনের বেশি বিধায়ক নিয়ে দল ক্ষমতায় এসেছে।’’

    রবিবার বেঙ্গালুরুতে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি তেলঙ্গানায় যাবেন। বেঙ্গালুরুর এক সভামঞ্চ থেকে একের পর এক রাজ্যে বিজেপি এবং এনডিএ-র সাফল্যের প্রসঙ্গ তুলে ধরছিলেন। সেখানেই পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যের প্রসঙ্গ শোনা যায় মোদীর কণ্ঠে। প্রসঙ্গত, শনিবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ প্রধানমন্ত্রী। মঞ্চ থেকে তিনি বাংলার ‘জনশক্তি’কে নতমস্তকে প্রণাম জানিয়ে বিজেপিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনার জন্য কৃতজ্ঞতা জানান। এ বারের নির্বাচন বাংলার ক্ষমতা দখল করাই ছিল বিজেপির ‘পাখির চোখ’। আর সেই লক্ষ্যভেদে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বহু জনসভা করেছেন। বার বার বাংলার মানুষের কাছে তাঁরা এই আশ্বাসই দিতে চেয়েছিলেন যে, রাজ্যকে অপশাসন থেকে মুক্ত করবেন তাঁরা। ভয়ের বাতাবরণ থেকে বার করে এক নতুন বাংলার দিশা দেখাবেন। ফল ঘোষণার পরে দেখা যায় ২০৭টি আসন পেয়েছে বিজেপি। প্রাক্তন শাসকদল তৃণমূল পেয়েছে ৮০টি আসন।

    কী ভাবে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরিতে পদ্মের শক্তি বেড়েছে, সেই কাহিনিও শোনান প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘‘কর্নাটকে বিজেপির খুব বেশি শক্তি ছিল না। কিন্তু এখন বিজেপি সেখানে শক্তিশালী দল হিসাবে উঠে এসেছে। তিনি আরও বলেন, ‘‘অন্ধ্রপ্রদেশেও এনডিএ সরকার। তেলঙ্গানায় বিজেপি নম্বর টু। পুদুচেরিতে দ্বিতীয় বার বিজেপি, এনডিএ-র সরকার হয়েছে।’’

    কী ভাবে দেশের বিভিন্ন প্রান্তে পদ্মশিবির শক্তিশালী হচ্ছে, কী ভাবে দেশের একের পর এক রাজ্যে গেরুয়া ঝড় উঠছে, সেই প্রসঙ্গ টেনে সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির সাফল্যের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, যে রাজ্যে বিজেপির মাত্র তিন জন বিধায়ক ছিলেন, সেই রাজ্য ১০ বছর পর দুশোর বেশি বিধায়ক দিয়ে ক্ষমতায় এনেছে বিজেপিকে। তামিলনাড়ুর প্রসঙ্গও উঠে আসে মোদীর কণ্ঠে। সেখানে সরকার গঠন নিয়ে যে টালমাটাল পরিস্থিতি গত কয়েক দিন ধরে চলেছে, সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মোদীর কথায়, ‘‘তামিলনাড়ুর অবস্থা দেখুন, ফল ঘোষণার পরেও সেখানে সরকার গঠন হচ্ছিল না।’’ কেরলে সরকার বানানো নিয়ে কংগ্রেসকে কটাক্ষও করেন মোদী।
  • Link to this news (আনন্দবাজার)