খুশি করার জন্য ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়’ লিখতে হবে না! সচিবদের নির্ভয়ে কাজ করতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
আনন্দবাজার | ১২ মে ২০২৬
তাঁকে খুশি করে কাজ করতে হবে না। পরিবর্তে রাজ্যের সচিবদের নির্ভয়ে কাজ করতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, তিনি জানিয়েছেন, এ বার থেকে তাঁকে খুশি করার জন্য কোনও হোর্ডিং বা ফলকে ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ লিখতে হবে না।
নবান্ন সূত্রের খবর, সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, সরকারি অর্থের যাতে অপচয় না হয়, তা দেখতে হবে। যেখানে কাজ করার প্রয়োজন রয়েছে, সেখানে খরচ করতে হবে, তবে অপ্রয়োজনীয় খরচ রুখতে হবে। পাশাপাশি, রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্প এত দিন কার্যকর করা হয়নি, সেগুলি চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সোমবার নবান্নে শীর্ষস্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন শুভেন্দু। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। সূত্রের খবর, ওই বৈঠকেই সচিবদের নির্ভয়ে কাজ করার বার্তা দেন শুভেন্দু। তিনি জানান, ভয় পাওয়ার প্রয়োজন নেই। নির্ভয়ে কাজ করতে বলেন তিনি। আশ্বাস দেন, কোনও সমস্যা হবে না। তাঁকে খুশি করার জন্য কাজ করতে হবে না। সূত্রের খবর, তিনি এ-ও জানান তাঁকে খুশি করার জন্য কোনও হোর্ডিংয়ে ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’— এ ধরনের শব্দবন্ধ আর লিখতে হবে না।
পূর্বতন সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কর্মসূচির হোর্ডিং, ফলকে ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ শব্দটি ব্যবহার হতে দেখা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, কাজে যোগ দিয়ে প্রথম দিনই সচিবদের এ বিষয়ে সতর্ক করেছেন শুভেন্দু। সূত্রের খবর, তিনি এ-ও জানিয়েছেন যে, পূর্বতন সরকার বিশেষ দলের হয়ে কাজ করেছিল। তাঁর সরকার সে রকম কিছু করবে না। সচিবদের নির্ভয়ে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও জানিয়েছেন, সরকারের কাজে হস্তক্ষেপ করবে না দল। শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর সল্টলেকের বিজেপি দফতরে শমীক বলেন, “সরকার সরকারের মতো চলবে। আর দল দলের মতো। এটি কোনও বিজেপি সরকার নয়। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।” আয়ুষ্মান ভারত, মহিলা ও বেকার ভাতার মতো প্রতিশ্রুতিগুলি কী ভাবে দ্রুত কার্যকর করা যায়, সেই বিষয়ে সরকারের সঙ্গে দল সহযোগিতা করবে বলে জানান তিনি। নবান্ন সূত্রে খবর, শুভেন্দুর গলাতেও একই কথা শোনা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “সরকার তথ্য, নিয়মের উপরে চলে। সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলি বিষয়ের উপরে। এই সরকার ‘আমিত্বে’ বিশ্বাস করে না, ‘আমরা’-নীতিতে চলবে। সংবিধানকে গুরুত্ব দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব, এই সরকারের কোনও সিদ্ধান্ত নিয়ে সমালোচকেরাও কোনও সমালোচনা করতে পারবেন না। এমন কোনও সুযোগ এই সরকার দেবে না, ভরসা রাখুন।”