• ১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার শুরু, মিলবে ৩ হাজার টাকা! সরকারি বাসে মহিলাদের সফর বিনামূল্যে, ঘোষণা সরকারের
    আনন্দবাজার | ১২ মে ২০২৬
  • আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভান্ডারের’ টাকা ঢুকতে শুরু করবে। ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই ‘অন্নপূর্ণা ভান্ডার’ চালুর দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। শুধু তা-ই নয়, ওই ১ জুন থেকেই সরকারি বাসে চড়লে মহিলাদের কোনও ভাড়া গুনতে হবে না বলেও জানানো হয়েছে।

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের ‘লক্ষ্মীর ভান্ডার’ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে ভোটে জিতেই সেই প্রকল্প চালু করেন তিনি। প্রথমে মাসিক ৫০০ টাকা দিয়ে শুরু হয় ওই প্রকল্প। তার পরে ধাপে ধাপে সেই টাকার পরিমাণ বেড়েছিল। পূর্বতন সরকারের শেষ বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকার পরিমাণ বাড়িয়ে মাসিক দেড় হাজার করা হয়েছিল। আর তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য মাসে ১,৭০০ টাকা করে দেওয়া হত। তবে ২০২৬ সালে ভোটের আগে মমতার তৈরি করা অস্ত্রেই মমতাকে হারানোর কৌশল নেয় বিজেপি। তারা তাদের সংকল্পপত্রে জানায়, মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণের কথা ঘোষণা করল শুভেন্দুর সরকার।

    ভোটপ্রচারে এসে মোদী-শাহ প্রায় প্রতি জনসভা থেকেই বলেছিলেন এই অন্নপূর্ণা ভান্ডারের কথা। শুধু তা-ই নয়, মহিলা ভোটব্যাঙ্ক টানতে এ-ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারি বাসে মেয়েরা বিনামূল্যে চড়তে পারবেন। সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হল, সেই প্রতিশ্রুতি পূরণ হবে। আগামী ১ জুন থেকে বিনামূল্যে সরকারি বাসে চড়তে পারবেন মহিলারা। উল্লেখ্য, দিল্লিতে অরবিন্দ কেজরীবালের সরকার প্রথম এই সুবিধা চালু করেছিল। দিল্লিতে সরকার বদলেছে। তবে কেজরীবালের চালু করা সুবিধা এখনও বহাল রেখেছে দিল্লির বিজেপি সরকার।

    অন্নপূর্ণা ভান্ডার পেতে কি নতুন করে আবার আবেদন করতে হবে? প্রশ্ন জাগছে অনেকের মনেই। তবে প্রশাসন সূত্রে খবর, লক্ষ্মীর ভান্ডার যাঁরা পেতেন, তাঁরাই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় মাসে মাসে তিন হাজার টাকা পাবেন। আপাতত নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করার প্রয়োজন নেই। পরবর্তী সময়ে যদি কোনও তথ্য বা নথির প্রয়োজন হয়, তা সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে।

    রাজ্যে পালাবদলের পরে প্রশ্ন উঠেছিল, পূর্বতন তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবেন কি না? সেই সংশয় নিরসন করে সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই শুভেন্দু জানিয়ে দিয়েছিলেন, রাজ্যবাসী আগে যে সব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন, এখনও তা পাবেন। তার কয়েক ঘণ্টা যেতে না-যেতেই অন্নপূর্ণা ভান্ডার চালুর দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী সোমবার আবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে বেশ কিছু প্রতিশ্রুতি কার্যকর করা হতে পারে।
  • Link to this news (আনন্দবাজার)