সনিয়া গান্ধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বামেরা জোর দিয়েছিলেন। সমাজকর্মীরা প্রকল্পের নকশা তৈরিতে হাত লাগান। ইউপিএ সরকারের সেই একশো দিনের কাজের প্রকল্প বা মনরেগা-য় এ বার আনুষ্ঠানিক ইতি পড়তে চলেছে। ১ জুলাই থেকে মনরেগা-র বদলে মোদী সরকারের ভিবি-জি রাম জি বা ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ চালু হতে চলেছে। সোমবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
একশো দিনের কাজে দুর্নীতির কাজে অভিযোগ ওঠায় মোদী সরকার পশ্চিমবঙ্গে ওই প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছিল। তার পরে অবশ্য আদালত টাকা চালু করতে বলে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার এসেছে। ফলে গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও ১ জুলাই থেকে ভি বি-জি রাম জি প্রকল্প চালু হবে বলে সূত্রের খবর। মোদী সরকার মনরেগা তুলে গিয়ে ভি বি-জি রাম জি প্রকল্প চালু করে ১০০ দিনের কাজের গ্যারান্টি বাড়িয়ে ১২৫ দিন করেছে। এত দিন যে প্রকল্প পুরোটাই কেন্দ্রীয় সরকারের খরচে চলত। এখন ৪০ শতাংশ খরচ রাজ্যকে দিতে হবে।
দু’দশকের পুরনো মনরেগা তুলে দেওয়া নিয়ে বিরোধীরা সংসদে প্রতিবাদ করেছিল। কর্নাটকের কংগ্রেস সরকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বলেও জানিয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘‘গ্রামোন্নয়ন মন্ত্রক শুধুমাত্র ১ জুলাই থেকে ভিবি-জি রাম জি চালুর কথা জানিয়েছে। আর কোনও বিশদ তথ্য মেলেনি। প্রকল্প শুরু হলে কী ভাবে কাজ হবে, তার খুঁটিনাটি জানা যাবে। এ সব নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা প্রয়োজন। তবে নিঃসন্দেহে বলা যায়, ভি বি-জি রাম জি শুধুমাত্র ক্ষমতার কেন্দ্রীকরণ করবে। গ্রামের মজুরের দর কষাকষির ক্ষমতা থাকবে না। মানুষের হাতে যে কাজের আইনি গ্যারান্টি, রোজগারের গ্যারান্টি তুলে দেওয়া হয়েছিল, তা চুরি হয়ে গিয়েছে।’’