• হাসপাতালে ভর্তি মদন মিত্র! রয়েছেন পর্যবেক্ষণে, কী হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়কের?
    আনন্দবাজার | ১৩ মে ২০২৬
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোমবার বিকেলে তাঁকে দক্ষিণ কলকাতা একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রস্রাবজনিত সমস্যা রয়েছে তৃণমূল বিধায়কের। তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, মদনের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলছে।

    পরিবার সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তৃণমূল বিধায়ককে ছেড়ে দেওয়া হবে। এ বারের বিধানসভা নির্বাচনে নিজের ‘গড়’ কামারহাটি থেকে প্রার্থী হয়েছিলেন মদন। গোটা রাজ্যে যখন তৃণমূলের ফল খারাপ হয়েছে, মদন কিন্তু তাঁর নিজের ‘গড়’ ধরে রাখতে সক্ষম হয়েছেন। কামারহাটি থেকে জিতেছেন মদন। হঠাৎ করে বর্ষীয়ান এই নেতা অসুস্থ হয়ে পড়ায় তাঁর অনুগামীরা উদ্বিগ্ন।

    ভোটের বাজারেও সংবাদের শিরোনামে ছিলেন মদন মিত্র। গান গাওয়া থেকে শুরু করে প্রচারে বেরিয়ে ঝালমুড়ি বিক্রি করতে দেখা গিয়েছিল তৃণমূল নেতাকে। এমনকি, ভোটের দিনও সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। প্রসঙ্গত, ২০০৬ সালে বিষ্ণুপুর পূর্ব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মদন। ২০১১ সালে ‘পরিবর্তনের নির্বাচনে’ কামারহাটি থেকে লড়েন তিনি। ২০১৪ সালে সারদা চিট ফান্ড-কাণ্ডে গ্রেফতার হন। প্রায় ২১ মাস জেলে থাকার পরে ২০১৬ সালের সেপ্টেম্বরে জামিন পান তিনি। ওই বছরের নির্বাচনে কামারহাটি থেকে প্রার্থী হন। সে বছরে হেরে যান তিনি। তার পর ২০১৯ সালে ভাটপাড়া উপনির্বাচনে তাঁকে আবার প্রার্থী করে তৃণমূল। ভাটপাড়ায় অর্জুন সিংহের পুত্র পবন সিংহের কাছেও পরাজিত হন মদন। এর পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আবার কামারহাটি থেকে প্রার্থী হন তিনি। সে বার জেতেন। তার পর ২০২৬ সালেও কামারহাটি থেকে জিতেছেন তৃণমূল নেতা।
  • Link to this news (আনন্দবাজার)