নির্বাচনের ফলঘোষণার পর বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর
আনন্দবাজার | ১৩ মে ২০২৬
বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে সাসপেন্ড হলেন দুই পুলিশকর্মী। শাস্তিপ্রাপকেরা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইনস্পেক্টর সুকুমার রুইদাস।
অভিযোগ, ভোটের ফলপ্রকাশের পরের দিন গত ৫ মে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে শারীরিক ভাবে হেনস্থা করেছিল পুলিশ। তাতে জড়িত ওই দুই পুলিশকর্মী। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম), বারুইপুর থানার আইসি সমর-সহ কয়েক জন পুলিশকর্মী বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থীকে মারধর করে গাড়িতে তুলছেন।
বিজেপির দাবি, ওই ঘটনাটি ভোটের ফলঘোষণার পরের দিন বিকেলের। সে সময় তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, ওই অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যান বারুইপুর থানার আইসি ও অন্যান্য আধিকারিক। বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁকে রাস্তায় দেখতে পেয়ে বিনা প্ররোচনায় মারধর করেছে পুলিশ। শুধু মারধর নয়, মিথ্যা মামলাও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন বিশ্বজিৎ। তার ভিত্তিতে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তার পরেই বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি এবং সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হল।