• ভোট-পরবর্তী হিংসা: মামলা দায়ের তৃণমূলের
    আনন্দবাজার | ১৩ মে ২০২৬
  • রাজ্যে ভোট-পরবর্তী অশান্তি ও হিংসার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল। এ ব্যাপারে মামলা দায়ের করেছেন তৃণমূলের সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য। তিনি নিজেও একজন আইনজীবী ও সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ায় তৃণমূলের প্রার্থী ছিলেন। মঙ্গলবার মামলার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন শীর্ষণ্য। প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামিকাল, বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

    আদালতের তরফে জানানো হয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যে তৃণমূল নেতা, কর্মীও সমর্থকদের উপর হামলার অভিযোগ করেছেন শীর্ষণ্য। তাঁর আরও অভিযোগ, হিংসা অশান্তির ঘটনাগুলি সামলাতে ব্যর্থ প্রশাসন। এর ফলে একাধিক তৃণমূল কর্মীরা ঘরছাড়া এবং তাঁদের দোকানপাট, বাড়িঘর ভাঙচুর করেছে বর্তমান শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা। অশান্তির ঘটনা সামলাতে পুলিশ ও নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তারও অভিযোগ করেছেন শীর্ষণ্য। তাঁর আর্জি, রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত নিরাপত্তার নির্দেশ দিক আদালত।

    এ ছাড়াও, রাজ্যকে ভোট-পরবর্তী হিংসা বন্ধ করে শান্তি বজায় রাখার জন্য সদর্থক ভূমিকা নেওয়ার, পুলিশকে অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে উপযুক্ত তদন্ত করার, ঘরছাড়াদের ঘরে ফেরানোর এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন শীর্ষণ্য। পাশাপাশি হাই কোর্টের তত্ত্বাবধানে সিট গঠন করে হিংসার ঘটনার উপযুক্ত তদন্ত, সিসি ক্যামেরা, বৈদ্যুতিক মাধ্যমের তথ্য সংরক্ষণ ও প্রশাসনকে তদন্ত সংক্রান্ত রিপোর্ট দেওয়ার আবেদনও করা হয়েছে জনস্বার্থ মামলায়।

    উল্লেখ্য, ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসার ক্ষেত্রে কার্যত একই ধরনের অভিযোগ তুলেছিল বিজেপি। হাই কোর্টের নির্দেশে খুন, ধর্ষণের মতো কিছু গুরুতর মামলা সিবিআইয়ের হাতে গিয়েছিল এবং বাকি মামলার তদন্তভার রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) পেয়েছিল।
  • Link to this news (আনন্দবাজার)