বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ নিয়ে দু’দিনের বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে আগামী ১৪ ও ১৫ মে এই বৈঠকে থাকবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধানসভা ভোটের পরাজিত প্রার্থীরা।
সমাজমাধ্যমে দলের প্রচারের সঙ্গে যুক্ত কর্মী-সমর্থকদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন মমতা। সেখানেই আগামী লোকসভা নির্বাচনের আগে নতুন করে তৈরি হওয়ার বার্তা দেওয়া হয়েছে। কালীঘাটের বাড়িতে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পরে সমাজমাধ্যমে দলের প্রচারের সঙ্গে যুক্ত তরুণ প্রজন্মের এই ‘টিম’-এর মনোবল ধরে রাখতেই এই বৈঠক হয়েছে। মমতা ও অভিষেক, দু’জনেই সদ্যসমাপ্ত নির্বাচন নিয়ে দলের বক্তব্য ব্যাখ্যা করেছেন সেখানে। বিভিন্ন জায়গায় দলের কাজ করেছেন যাঁরা, ফল প্রকাশের পর থেকে তাঁদের উপরে সন্ত্রাস ও হিংসা চলছে বলেও তাঁরা অভিযোগ করেছেন।