• ১৮০ দেশের সঙ্গে চুক্তি পাকা! ভারতে কি দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? জবাব দিল ফিফা
    আনন্দবাজার | ১৩ মে ২০২৬
  • ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। অর্থাৎ, আর এক মাসও বাকি নেই। বিশ্বের ৪৮টি দেশ লড়বে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য। কিন্তু ভারতে বিশ্বকাপ দেখা যাবে কি না, তা এখনও জানা যায়নি। এখনও চুক্তি হয়নি কারও সঙ্গে। চুক্তির চেষ্টা চালাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।

    এ বার আমেরিকা, মেক্সিকা ও কানাডায় হবে বিশ্বকাপ। ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে ফিফা জানিয়েছে, ভারতে বিশ্বকাপের সম্প্রচারের জন্য আলোচনা চালাচ্ছে তারা। ফিফা বলেছে, “ইতিমধ্যেই ১৮০টা দেশের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। সেই সব দেশে বিশ্বকাপের সম্প্রচার হবে। ভারতে বিশ্বকাপ দেখানোর বিষয়ে আলোচনা চলছে। আমরা চাই ফুটবলের সবচেয়ে বড় বিশ্বকাপ ভারতেও সম্প্রচার হোক। কিন্তু এখন এর বেশি কিছু বলা যাবে না।”

    ভারতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি আদালতেও পৌঁছেছে। ভারতে বিশ্বকাপের সম্প্রচারের অনুরোধের বিষয়ে মঙ্গলবার দিল্লি হাই কোর্ট কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীকে নোটিস পাঠিয়েছে। আগামী সপ্তাহ এই বিষয়ে শুনানি হওয়ার কথা।

    শুধু ভারতে নয়, চিনেও বিশ্বকাপের সম্প্রচারের বিষয়ে চুক্তি পাকা করতে হবে ফিফাকে। জানা গিয়েছে, ফিফার কর্তারা বেজিংয়ে যাবেন। সেখানে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আলোচনা হবে। ফিফা চাইছে, দ্রুত চুক্তি পাকা করতে। ফিফার কথা থেকে স্পষ্ট, ভারতেও দ্রুত চুক্তি পাকা করতে চাইছে তারা। তবে কবে তা হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যাচ্ছে না। ফলে সব মিলিয়ে একটি অনিশ্চয়তা তো রয়েছেই।
  • Link to this news (আনন্দবাজার)