পিছনে দু’জনকে বসিয়ে রাতের শহরে বেপরোয়া গতিতে ছুটছিল স্কুটার। স্কুটারের চালক বা কিশোর আরোহী, কারও মাথাতেই হেলমেট ছিল না। রাস্তায় ভারী মালবাহী গাড়ির সঙ্গে ওই স্কুটারের সংঘর্ষে মৃত্যু হল আরোহী কিশোরের। মঙ্গলবার রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বন্দর থানা এলাকায় সি জি আর রোডে। পুলিশ জানিয়েছে, মৃত বছর তেরোর কিশোরের নাম মহম্মদ সমীর। তার বাড়ি বিহারের ভাগলপুরে।
কলকাতায় গার্ডেনরিচে আত্মীয়ের বাড়িতে থাকত সমীর। জানা গিয়েছে, এক আত্মীয়ের সঙ্গে স্কুটারে করে বেরিয়েছিল ওই কিশোর। আত্মীয়ের পিছনে সমীর এবং আরও এক জন বসে। স্কুটার নিয়ে সি জি আর রোড দিয়ে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় স্কুটার থেকে তিন জন রাস্তায় পড়ে যান। সমীরের মাথায় আঘাত লাগে। সঙ্কটজনক অবস্থায় তাকে কর্তব্যরত পুলিশ এসএসকেএমে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের আঘাত গুরুতর নয়।
এ দিকে দুর্ঘটনার পরেই মালবাহী গাড়ি রেখে পালান চালক। পরে বন্দর এলাকা থেকেই চালককে আটক করে পশ্চিম বন্দর থানার পুলিশ।