• আদেশনামায় দ্রুত মান্যতায় জোর বৈঠকে
    আনন্দবাজার | ১৫ মে ২০২৬
  • সরকারি আদেশনামা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার পুলিশ সুপার, কমিশনার এবং অন্য পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের দাবি, পশু হত্যা, বিধির বাইরে মাইকের ব্যবহার, আইনশৃঙ্খলা ইত্যাদি বিষয়ে প্রকাশিত আদেশনামাগুলির উল্লেখ করে তা মান্যতার উপর জোর দেওয়া হয়েছে বৈঠকে।

    বুধবারই পশু হত্যার প্রশ্নে আদালতের রায় কার্যকর করে সরকারি আদেশনামা প্রকাশ করেছিল নবান্ন। সেখানে প্রকাশ্যে পশু হত্যায় নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পাশাপাশি, পশু হত্যার ক্ষেত্রে সেই পশুর বয়স, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে বিধিবদ্ধ কমিটির যাচাই এবং অনুমতি প্রয়োজন হবে এ বার। পাশাপাশি, অবৈধ ভাবে গাড়িতে করে পশু পরিবহণের বিষয়টিও নজরে রাখতে বলা হয়েছে পুলিশকে। প্রসঙ্গত, ১৯৫০ সালের ‘পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী এই আদেশনামা প্রকাশ করেছিল রাজ্য। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের রায়েরও উল্লেখ রেখেছিল নবান্ন।

    একই ভাবে, শব্দবিধি মেনে মাইকের ব্যবহারের উপরেও জোর দেওয়া হয়েছে বৈঠকে। পুলিশকে বলে দেওয়া হয়েছে, এই বিষয়গুলির উপর তারা যেন নজর রাখে নিয়মিত। নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী শনিবার ডায়মন্ড হারবার যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
  • Link to this news (আনন্দবাজার)