তমলুক পুরসভার প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার! খুনের চেষ্টা, নকল নথি তৈরি করার অভিযোগ তৃণমূলের চঞ্চলের নামে
আনন্দবাজার | ১৫ মে ২০২৬
প্রায় ২৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের ‘দাপুটে’ তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া।
তমলুক পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে খুনের চেষ্টা, নকল নথি তৈরি, প্রতারণা-সহ বেশ কিছু গুরুতর মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও চঞ্চল-ঘনিষ্ঠদের দাবি, রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান চঞ্চলকে আটক করেছিল তমলুক থানার পুলিশ।
তার পর টানা জিজ্ঞাসাবাদ চলছিল। তখন তাঁর গ্রেফতারির গুজবও ছড়িয়ে পড়ে। শুরু হয় রাজনৈতিক তরজা। শুক্রবার চঞ্চলের গ্রেফতারিতে তমলুক শহর-সহ জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। চঞ্চলের ঘনিষ্ঠেরা জানিয়েছেন, তাঁরা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
শুক্রবারই আদালতে হাজির করানো হয়েছিল ধৃত তৃণমূল নেতাকে। বিচারক তাঁর সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।