সংবাদদাতা, বসিরহাট: বিশুদ্ধ জলের দাবিতে এলাকার মহিলারা বসিরহাটের টাকি রোড টায়ার জ্বালিয়ে অবরোধ করলেন। স্থানীয় সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি যে জল দেওয়া হচ্ছে, তা থেকে পচা দুর্গন্ধ বেরচ্ছে। ওই জল এতটাই নোংরা যে, ব্যবহারের অনুপযুক্ত বলে অভিযোগ ওই মহিলাদের। এই নিয়ে সোমবার মহিলারা বসিরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, প্রায় একমাস ধরে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, দুর্গন্ধের জন্য তা ব্যবহার করা যাচ্ছে না। একথা বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। বাধ্য হয়ে মহিলারা টায়ার জ্বালিয়ে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিস। বিশুদ্ধ জলের বিষয়ে বসিরহাট প্রশাসনের কাছে আশ্বাস পাওয়ার পর মহিলারা বিক্ষোভ তুলে নেন। এনিয়ে পুরপ্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি। বসিরহাটের দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি শুনলাম। প্রশাসনকে জানাবো যাতে দ্রুত ওই এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়। আর কী কারণে ওই জল থেকে দুর্গন্ধ বেরচ্ছে, তাও দেখা হয়।