• ঘোষণা মতো মঙ্গলবাড়ির দু’টি সার্ভিস রোড থেকে সরেনি অবৈধ পার্কিং
    বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: রাজ্য সড়কের অধীনে থাকা পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ির দু’টি সার্ভিস রোড থেকে অবৈধ পার্কিংজোন সরাতে ১৫ সেপ্টেম্বর প্রশাসনের পক্ষ থেকে পরির্দশন করা হয়। সেখানে পুরসভা, ট্রাফিক, পূর্তদপ্তরের পদস্থ আধিকারিকরা ছিলেন। বিশেষ করে পুরসভা কর্তৃপক্ষের তরফে স্পটে দাঁড়িয়ে কড়া নির্দেশ দেওয়া হয়, আগামী তিন দিনের মধ্যে বেআইনিভাবে দাঁড় করানো যানবাহন সরাতে হবে। না হলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। 

    অভিযোগ, তিন দিনের জায়গায় এক সপ্তাহ হয়ে গেলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। সোমবার ওই সার্ভিস রোডে গিয়ে দেখা যায় সার্ভিস রোড জুড়ে যত্রতত্র যানবাহনগুলি দাঁড়িয়ে রয়েছে। সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। রোড পুরোপুরি চালুও হয়নি। পুজোর আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে ওই রাজ্য সড়কের সার্ভিস রোড চালু করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এনিয়ে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। বিশেষ করে শহরের মানুষ অতিষ্ঠ। 

    শহরের এক বাসিন্দা অরূপ ঘোষ বলেন, রাজ্য সরকারের প্রচুর অর্থ দিয়ে ওই সড়ক সম্প্রসারণ করা হয়েছে। সেজন্য রাস্তার ধারে অনেক দোকান ভাঙা পড়েছে। একটি রোডের বদলে দু’টি সার্ভিস রোড হয়েছে। যাঁদের গ্যারেজ এবং গাড়ি আছে, তাঁরা সার্ভিস রোডে গাড়ি রেখে দিচ্ছেন। এনিয়ে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। পুরসভা এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি এবং কলকাতাগামী মঙ্গলবাড়ির রাস্তা কার্যত লাইফলাইন। কয়েক বছর আগে ভার্চুয়াল ভাবে খোদ মুখ্যমন্ত্রী রাস্তা সম্প্রসারণ ও শিলান্যাস করেন। দায়িত্ব দেওয়া হয় পূর্তদপ্তরকে। কাজ ধীরে হচ্ছে। সার্ভিস রোড চালু হয়নি বলে অভিযোগ। 

    পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, অবৈধ পার্কিং সরাতে আমরা মাইকিং করেছিলাম। রাস্তা পরির্দশনে করা হয়। না সরলে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেখানে কিছু দিনের মধ্যেই নো পার্কিং বোর্ড দিয়ে দেব। মানুষ যেন সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরাতন মালদহের দায়িত্বে থাকা পূর্তদপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার সুধীন বন্দ্যোপাধ্যায় বলেন, ওই রাস্তার কিছু কাজ এখনও বাকি রয়েছে। সার্ভিস রোড ক্লিয়ার হয়নি।  হলেই চালু করা হবে। মালদহের মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, আমরাও চাই ওই রাস্তা পরিষ্কার  হোক। এতে রোডের ধারে ব্যবসায়ীদের সুবিধা হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)