শহরে বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক
বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
কলকাতা, ১১ অক্টোবর : মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ দায়ের হতেই তৎপর কলকাতা পুলিশ। আজ, শনিবার ভোরে নাদিয়াল থানার হাতে গ্রেফতার অভিযুক্ত। এদিনই তাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ কলকাতার নাদিয়াল থানা এলাকায় বছর কুড়ির এক মূক ও বধির তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪(২)(কে) ধারায় এফআইআর দায়ের হয়েছে। তদন্তে নেমে বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এদিন ভোর ৬টা ৩৫ মিনিট নাগাদ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। তাকে জেরা করা হচ্ছে। ধৃতকে আজই আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাকে পুলিশ নিজেদের হেফাজতে চাইবে বলে মনে করা হচ্ছে। এদিকে, নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষা হচ্ছে।