নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাড়ির মধ্যেই রমরমিয়ে চলছিল বাজি তৈরির কাজ। যার জেরে শনিবার বিকেলে আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল হাওড়ার অম্বিকা কুন্ডু লেনের একটি বাড়ি। জানা গিয়েছে, এদিন সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ তিনতলা বাড়ির নিচের অংশে আচমকাই বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন আকাশ হেলা (৩২) নামের এক শ্রমিক। দমকলের একটি ইঞ্জিন ও জগাছা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ওই শ্রমিককে কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বাড়িটি প্রদীপ লাহিড়ী নামের এক ব্যক্তির। পথপুকুরদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তাঁর। বাড়ির নিচের তলাতেই থাকত ও কাজ করত আকাশ নামে ওই শ্রমিক। তাঁকে দিয়েই বাজি তৈরি করানো হত। পুজোয় ব্যবহার করার জন্য বিভিন্ন প্রকারের আতশবাজি তৈরি হত এখানে। কিন্তু কোনও কারণে এদিন বিস্ফোরণ ঘটে যায়, যার জেরে জখম হন ওই শ্রমিক।