• 'রবি আমার বউয়ের বয়ফ্রেন্ড, ও আমাকে ঠাট্টা করছিল... ছুরি চালিয়ে দিয়েছি...', হাওড়ায় 'পাপী' পরকীয়া...
    ২৪ ঘন্টা | ১৮ অক্টোবর ২০২৫
  • দেবব্রত ঘোষ: বিবাহ বহির্ভুত সম্পর্কের জের। বন্ধুর হাতে খুন বন্ধু। গ্রেফতার অভিযুক্ত। গতরাতে ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুর থানার অন্তর্গত গণেশ মাঝি লেনের একটি ফ্ল্যাটে। অভিযুক্তকে শুক্রবার আদালতে পেশ করে সাত দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিস। কোর্টে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত বিকাশ চৌধুরীর চাঞ্চল্যকর বক্তব্য। সে বলে, 'রবি প্রসাদ আমার বউয়ের বয়ফ্রেন্ড ছিল। আমাকে মারধর করত। গতরাতে আমাকে মদ খাইয়ে দলবল নিয়ে আমায় মারতে এসেছিল। নিজেকে বাঁচাতে আমি ছুরি চালিয়েছি।'

    উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে শিবপুরের ফ্ল্যাটের মধ্যে খুন হয় রবি প্রসাদ। তাকে নিজের ফ্ল্যাটে খুন করে তাঁরই পরিচিত বিকাশ চৌধুরী। শিবপুর থানার পুলিস অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনার পর আতঙ্কিত ফ্ল্যাটের বাসিন্দারা। তারা জানান, এখানে রোজই মদের আসর বসে। ঝামেলা লেগেই থাকে। বাইরের লোকেদের আনাগোনা হয়। সবাই চাইছেন এখানে শান্তির পরিবেশ ফিরে আসুক।

    আরও জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের বাসিন্দা বিকাশ চৌধুরীর বউয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল রবি প্রসাদের। ব্যবসায়িক সূত্রে রবি ও বিকাশের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিকাশের বউয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় রবির। এনিয়ে প্রায়ই দুই বন্ধুর ঝামেলা হত। গতরাতে ফ্ল্যাটের ছাদে মদের আসরে তুমুল বচসা হয় দুজনের। তখনই ধারাল অস্ত্র দিয়ে রবিকে কুপিয়ে খুন করে বিকাশ। হাওড়া সিটি পুলিসের ডি সি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতো বলেন বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুনের ঘটনা।

    প্রাথমিক তদন্তে পুলিস জানতে পারে, রবিপ্রসাদ তার বন্ধু বিকাশ চৌধুরীর স্ত্রীকে নিয়ে ন-মাস আগে পালিয়ে যায়। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে শত্রুতা চরমে ওঠে। রাতের খানাপিনার আসরে রবিকে ডেকে সে ফয়সালা করতে চায়। তখনই শুরু হয় তুমুল বচসা। এরপরই খানাপিনা চলাকালীন তাকে চপার দিয়ে কোপানো হয়।

  • Link to this news (২৪ ঘন্টা)