বিধান সরকার: দীপাবলি রাতে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফ্ল্যাটের দরজা ভেঙে বৃদ্ধকে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে।
স্থানীয় সূত্রে খবর, আবাসনটি চন্দননগরের বড়বাজার এলাকায়। আজ, সোমবার সন্ধ্য়ায় আগুন লেগে যায় ওই আবাসনের তিনতলার ফ্ল্যাটে। গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। ফ্ল্য়াটে তখন একাই ছিলেন বৃদ্ধ। আতঙ্কে চিত্কার করতে শুরু করেন তিনি। শেষে দরজা ভেঙে ওই বৃদ্ধকে উদ্ধার করেন স্থানীয় এক বাসিন্দা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ ইঞ্জিন। কিছুক্ষণের মধ্য়েই আগুন নিভিয়েও ফেলেন দমকলকর্মীরা। আবাসনের অন্য ফ্ল্যাটে অবশ্য কোনও ক্ষতি হয়নি। প্রাথমিক তদন্তে অনুমান, কালীপুজোর রাতে ফ্ল্যাটে সম্ভবত মোমবাতি জ্বালিয়েছিলেন ওই বৃদ্ধ। সেই মোমবাতি থেকেই কোনওভাবে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চন্দননগরের তালপুকুর পাড়েও ভষ্মীভুত হয়ে গিয়েছে দুটি ঝুপড়ি।