• বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, উত্তরে ফের বৃষ্টি-কাঁটা, শীতের আগে ‘খামখেয়ালি’ আবহাওয়া!
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: উত্তুরে হাওয়া যেন ঠিক বাংলায় চৌকাঠে এসে আটকে গিয়েছে! ঢুকতে চাইলেও পুরোপুরি রাজ্যে প্রবেশ করতে পারছে না। তাই শীতও আসি আসি করেও থমকে। আপাতত কিছুদিন তার অপেক্ষাতেই দিন কাটাতে হবে বঙ্গবাসীকে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। দ্রুত তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নেবে। তার জেরে বৃষ্টির সম্ভাবনা। আর তাই শীতের আগমন আরও বিলম্বিত হচ্ছে। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে কুয়াশার দাপট দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে খুব বেশি হেরফের হবে না।

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে বঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। ভোরে ও রাতের দিকে হালকা শীতের আমেজ টের পাওয়া গেলেও এখনই জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে না। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তার জেরে তাপমাত্রা খানিকটা কমবে। তবে স্বাভাবিকের চেয়ে তার খুব বেশি পার্থক্য হবে না বলেই অনুমান আবহবিদদের।
  • Link to this news (প্রতিদিন)