• তামিলনাড়ুর পর উত্তরাখণ্ডে পথদুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত অন্তত ৫
    প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর পর উত্তরাখণ্ড। অভিশপ্ত সোমবারে দেবভূমিতে খাদে বাস পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। একটি বাসে বিভিন্ন জেলার ২৮ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। আচমকাই সেটি রাস্তা পিছলে পার্শ্ববর্তী ৭০ মিটার গভীর খাদে পড়ে যায়। তাতেই প্রাথমিকভাবে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

    দুর্ঘটনার খবর মিলতেই উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় প্রশাসন। খবর দেওয়া হয় রাজ্য দুর্যোগ মোকবিলা বাহিনী (এসডিআরএফ)-কে। এসডিআরএফের পাঁচটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। তারা মৃত পাঁচ যাত্রী ছাড়া বাকিদের উদ্ধার করেছে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে একাধিক দুর্ঘটনা ঘটেছে এই রাজ্যে। গত জুন মাসে অলকানন্দা নদীতে একটি বাস পড়ে দু’জনের মৃত্যু হয়। খোঁজ মেলেনি বেশ কয়েক জন যাত্রীর।

    প্রসঙ্গত, সোমবারই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। সোমবার টেনকাসি জেলায় দু’টি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে মোট ৬ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন।
  • Link to this news (প্রতিদিন)