কুকুরের শোয়ার জায়গায় প্রস্রাব করবেন না, পোস্টার বিজয়গড়ে
বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তার ধারে কিংবা গালিপিটের মুখে প্রস্রাব করার ছবি শহরের অনেক জায়গাতেই নজরে আসে। কিন্তু, কোথাও কোথাও আবার রাস্তার ধারে পথকুকুরও শুয়ে থাকে। কিন্তু সেখানে প্রস্রাব করলে অবলা প্রাণীদের এই ঠান্ডার মধ্যে শুতে অসুবিধা হয়। সেই কথা ভেবে পথচারীদের কাছে আবেদন জানিয়ে অভিনব পোস্টার বিজয়গড়ে।স্থানীয় কাউন্সিলারের উদ্যোগে সেখানে বড়ো করে পোস্টার লাগানো হয়েছে, যেন পথকুকুরের শোয়ার জায়গায় প্রস্রাব না করা হয়। বিজয়গড়ের চার নম্বর মোড়ের কাছে বড়ো করে হলুদ রঙের পোস্টার লাগানো হচ্ছে। ‘মানবিক আবেদন’ লেখা সেই পোস্টারে অনুরোধ করা হয়েছে, ‘এখানে টয়লেট নিষেধ... এটি পথপুকুরের আশ্রয়স্থল... দয়া করে সহযোগিতা করুন’।আচমকা কেন এই ধরনের পোস্টার? স্থানীয় ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তপন দাশগুপ্ত বলেন, শীতকালে এই অবলা প্রাণীগুলি ঠান্ডা কাঁপে। সারারাত রাস্তায় শুয়ে থাকে। কিন্তু, তার মধ্যেও এক ধরনের মানুষ আছেন, যাঁরা এই প্রাণীগুলিকে বিরক্ত করেন। ওদের শুয়ে থাকার জায়গায় প্রস্রাব করে। সেখানেই আবার কুকুরগুলিকে শুতে হয়। তাই একজন পশুপ্রেমী বা বলতে পারেন ডগ লাভার হিসেবে সকলের কাছে এই অনুরোধ করেছি। আগামী দিনে ওয়ার্ডের আরও কয়েকটি জায়গায় এমন পোস্টার দেব।