‘মানবিক দিক থেকে বিবেচনা করুন’, সোনালি প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যকে সুপ্রিম কোর্ট
দৈনিক স্টেটসম্যান | ১৩ ডিসেম্বর ২০২৫
ছয় মাস পর দেশে ফিরেছেন বীরভূমের সোনালি বিবি এবং তাঁর ৮ বছরের সন্তান। কিন্তু বাংলাদেশে এখনও আটকে রয়েছেন তাঁর স্বামী দানিশ, পাইকরের তরুণী সুইটি এবং সুইটির ২ সন্তান। তাঁদের দেশে ফেরানোর দাবিতে শুক্রবার সুপ্রিম কোর্টে সোনালিদের পুশব্যাক মামলাটি ওঠে। মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভিএম পাঞ্চোলি নিজেদের মধ্যে আলোচনা করেন। এরপর রাজ্য, কেন্দ্র এবং আবেদনকারী – তিন পক্ষের কাছে সমস্ত নথি পেশ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই সমস্ত নথি পাঠানো হবে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে।
ভদু শেখের আইনজীবী সঞ্জয় হেগড়ের তরফে আদালতে বলা হয়. বাংলাদেশের সীমান্তপার ভারতীয় নাগরিকদের জন্য সুরক্ষিত নয়। তিনি বলেন, ‘একজন মহিলা এবং তাঁর শিশু এখনও বাংলাদেশে আটকে। তাঁদের সঙ্গে রয়েছেন আরও ২ জন। দ্রুত ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার।’
এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, রাজ্যের কাছে প্রত্যেকের বৈধতা প্রমাণের নথি রয়েছে। তখন সলিসিটর জেনারেল তীর্যক মন্তব্য করলে সিব্বল বলেন, ‘সোনালি, সুইটিদের বাংলাদেশে পাঠানোর আগে আপনাদের বৈধ নথিপত্র খতিয়ে দেখার প্রয়োজন ছিল। ৩০ দিন কোনও ভেরিফিকেশন করেননি।’
এদিন আদালতে সোনালি বিবির সাক্ষাতকার একটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার বিষয়টি উত্থাপন করেন সলিসিটর জেনারেল। তিনি অভিযোগ করেন, ‘একটি সংবাদমাধ্যম বিরূপ মতাদর্শ তৈরির চেষ্টা করছে। ঘটনাটিকে প্রভাবিত করা হচ্ছে।’
প্রধান বিচারপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সংবাদপত্র পড়ার সময় পাই না। তবে বিচারাধীন কোনও বিষয়ে রানিং কমেন্ট্রি করা উচিত নয়। অর্ধসত্য লেখা জটিলতা বাড়িয়ে তোলে।’ জবাবে কপিল সিব্বল বলেন, ‘সারা বিশ্বেই সংবাদমাধ্যম মতপ্রকাশ করে থাকে। পাল্টা মতাদর্শ থাকতেই পারে।’
প্রসঙ্গত, গত মে মাসে প্রশাসনের নির্দেশে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালি বিবিদের। এরপরেই শুরু হয় চাপানউতোর। সোনালির বাবা অভিযোগ করেন, তাঁরা বাংলার বাসিন্দা, মেয়ের জন্মও বাংলায়, তবু কেন তাঁদের বাংলাদেশে পাঠানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। সন্তান দেশে ফিরলেও, স্বামী-সহ বাকিদের ফেরার অপেক্ষায় এখন দিন গুনছেন সোনালি বিবি ও তাঁর ৮ বছরের সন্তান।