আজ শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে, জেনে নিন আবহাওয়ার আপডেট
বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজে কোনও খামতি নেই। আজ শনিবার কলকাতার তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। যদিও গতকাল তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছিল। তবে আপাতত তাপমাত্রার হেরফের খুব একটা হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।কনকনে শীতের দেখা কবে মিলবে? আবহাওয়াবিদরা বলছেন, ডিসেম্বরের মাঝামাঝি পৌঁছেও এখনও সক্রিয় নয় পশ্চিমি ঝঞ্ঝা, এই ঝঞ্ঝা শক্তিশালী হলে পশ্চিম হিমালয় লাগোয়া এলাকায় প্রবল তুষারপাত হয়। এর কিছুটা প্রভাব পড়ে পূর্ব হিমালয় অঞ্চলে। প্রবল তুষারপাতের পর কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া উত্তর ভারতের উপর দিয়ে পৌঁছোয় দক্ষিণবঙ্গে। তাতে তাপমাত্রা হু হু করে কমে। এদিকে, উত্তরবঙ্গজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। দার্জিলিং থেকে আরম্ভ করে কালিম্পং ঠান্ডার ছবি ধরা পড়ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রিতে নেমেছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে তাপমাত্রা অনেক জায়গায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনের বেলায় মূলত পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে। হালকা রোদ দেখা যাবে। কিন্তু সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।। গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।