• যুবভারতীকাণ্ডে রাজনৈতিক বিতর্ক, গেরুয়া পতাকা নিয়ে দ্বন্দ্বে তৃণমূল-বিজেপি
    দৈনিক স্টেটসম্যান | ১৪ ডিসেম্বর ২০২৫
  • তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন, যুবভারতীর অশান্তির নেপথ্যে পরিকল্পিত উসকানি ছিল। তাঁর বক্তব্য, ‘ক্ষোভ প্রকাশ এক কথা, কিন্তু যাঁরা পরিকল্পিতভাবে অন্য স্লোগান নিয়ে মাঠে ঢুকে ভাঙচুর চালাল, তারা ক্রীড়াপ্রেমী হতে পারে না।’ সামাজিক মাধ্যমে আরও কড়া ভাষায় তিনি বিজেপিকে আক্রমণ করে লেখেন, ‘বাংলা-বিরোধী বিজেপি বাংলাকে বদনাম করতে যেকোনও সীমা ছাড়াতে পারে।’

    গেরুয়া পতাকার প্রসঙ্গ টেনে কুণালের অভিযোগ আরও স্পষ্ট। তাঁর দাবি, ‘আজ আমরা দেখেছি বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা মাঠে ঢুকে উসকানি দিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা গেরুয়া পতাকা বহন করছিল এবং স্লোগান দিচ্ছিল। দর্শকদের ক্ষোভের সুযোগ নিয়ে এরা বিশৃঙ্খলা করেছে। এটা শকুনের রাজনীতি।’

    তবে এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। পাল্টা তোপ দেগেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, গোটা ঘটনাই তৃণমূলের সাজানো নাটক। সুকান্তের আরও প্রশ্ন, ‘যদি জয় শ্রীরাম স্লোগান দেওয়ারই উদ্দেশ্য থাকত, তাহলে ঘটনা ঘটার আগেই দেওয়া যেত। বিশৃঙ্খলার পর কেন এই স্লোগান উঠল? সবটাই পরিকল্পিত।’

    প্রসঙ্গত, যে দিন আনন্দে ভাসার কথা ছিল, সেই দিনই যুবভারতী পরিণত হল রাজনৈতিক তরজার মঞ্চে। নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং জনতার ক্ষোভ— সব মিলিয়ে যে প্রশ্নগুলো উঠে এসেছে, তার স্পষ্ট উত্তর এখনও অধরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)