• ১৮ ডিসেম্বর অ্যালেন পার্কে বড়দিনের উৎসব উদ্বোধন মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অ্যালেন পার্কে চলবে বড়দিনের উৎসব।গান, নাচ সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও রঙিন হবে এবারের ফেস্টিভ্যাল। রঙিন আলো দিয়ে সাজিয়ে তোলা হবে গোটা পার্ক স্ট্রিট চত্বর। থাকবে খাবারের একাধিক স্টল। এবছর টানা ১৪ দিন ধরে চলবে অনুষ্ঠান। নতুন বছরের প্রথম রবিবার শেষ হবে ফেস্টিভ্যাল। প্রতি বছরের মতো এবারও পার্ক স্ট্রিট মানুষের ঢল নামবে ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর রাতে। আসবেন দেশ-বিদেশের পর্যটকরা। সেই অনুযায়ী ট্রাফিক এবং ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে কলকাতা পুলিশ। প্রসঙ্গত, ১৮ ডিসেম্বরই ধনধান্য প্রেক্ষাগৃহে রয়েছে বিজনেস কনক্লেভ। সেই অনুষ্ঠান সেরে ক্রিসমাস ফেস্টিভ্যালে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ১৭ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বসবে এমএসএমই মিট। তারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনা বৈঠকও 

    রয়েছে তাঁর।
  • Link to this news (বর্তমান)