• হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ রুটে শেষ মেট্রো ছাড়বে আরও ১০ মিনিট পর
    বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটের মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আজ, সোমবার থেকে এই মেট্রো রুটে রাতের শেষ মেট্রো মিলবে আরও ১০ মিনিট পর। অর্থাৎ শেষ মেট্রোর সময় বাড়ছে আরও ১০ মিনিট। এতদিন এই দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো রাত পৌনে ১০টায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করত। আজ থেকে তা ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। পাশাপাশি, সপ্তাহের সাত দিনই হাওড়া ময়দান থেকে রাত ১০টা ৫ মিনিটে একটি স্পেশাল মেট্রো ছাড়বে। সেটি অবশ্য সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন পর্যন্ত যাবে। সেই সঙ্গে শুধুমাত্র রবিবার সকাল ৯টায় সিটি সেন্টার মেট্রো স্টেশন থেকে স্পেশাল একটি পরিষেবা হাওড়া ময়দানের উদ্দেশে যাত্রা করবে। অর্থাৎ গ্রিন লাইনে আজ থেকে সাপ্তাহিক মেট্রো পরিষেবার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সোম থেকে শুক্রবার তা বেড়ে হচ্ছে ২২৮টি। শনিবার ও রবিবারে বর্ধিত পরিষেবার সংখ্যা যথাক্রমে ২০৪ ও ১০৮। নয়া সূচিতে দেশের প্রথম নদীর তলদেশের মেট্রো করিডর আরও বেশি যাত্রীবান্ধব হবে বলে আশাবাদী রেল কর্তারা।

    এদিকে, আজ থেকেই বিমানবন্দর থেকে দিনে দু’টি মেট্রো পরিষেবা নোয়াপাড়া হয়ে সরাসরি শহিদ ক্ষুদিরাম পৌঁছবে। অর্থাৎ বিমানবন্দরে নামা যাত্রীদের ক্ষেত্রে এবার গ্রিন ও ব্লু লাইনের মেট্রো ধরে গন্তব্যে পৌঁছনো অনেক সহজ হতে চলেছে। কারণ, এই যাত্রীদের নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটের নোয়াপাড়ায় নেমে নর্থ-সাউথ লাইনের মেট্রো ধরতে হয়। আজ থেকে সকাল ৯টা ৩৬ মিনিট ও রাত ৯টায় এয়ারপোর্ট থেকে ছা‌ড়া ঩স্পেশাল এই পরিষেবা সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে। সোমবার থেকে শুক্রবার যাত্রীরা এই বিশেষ পরিষেবা পাবেন। পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করছে রেল। 

    মেট্রো কর্তৃপক্ষের দাবি, ইস্ট-ওয়েস্ট রুটে যাত্রীদের চাপ দিন দিন বাড়ছে। তাছাড়া, সেক্টর ফাইভ সহ তথ্যপ্রযুক্তি তালুকে অবস্থিত বিভিন্ন অফিস গভীর রাত পর্যন্ত খোলা থাকে। সেই কারণে রাতের দিকে এই রুটে যাত্রীদের চাপ থাকে ভালোই। এসব বিষয় মাথায় রেখে অতিরিক্ত এই ব্যবস্থা কার্যকর হতে চলেছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো করিডরে। যদিও যাত্রীদের মধ্যে রাত ১০টা ৫ মিনিটের স্পেশাল পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন সিটি সেন্টার পর্যন্ত যাবে রাতের ওই মেট্রো? সম্পূর্ণ রুটে কেন চলবে না? কেনই বা উলটো অভিমুখে অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকে রাতের ওই মেট্রো চলবে না? রবিবারে আবার উলটো রুট হবে কেন? এরকম নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। 
  • Link to this news (বর্তমান)