• চোখ আটকে গেল নামী ফুড ডেলিভারি সংস্থার বয়ের উপরে, ব্যাগ তল্লাশি করতেই উদ্ধার বিপুল ব্রাউন সুগার
    ২৪ ঘন্টা | ১৭ ডিসেম্বর ২০২৫
  • নারায়ণ সিংহরায়: কোনও ড্রাগ পেডলার নয়, বরং নামী সংস্থার ফুড ডেলিভারি বয় এর ব্যাগ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। এমন ঘটনায় অবাক শিলিগুড়ি পুলিস।

    মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্যে সড়কের ডুমরিয়া এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিস। এরপর সেখানে সন্দেহভাজন এক ফুড ডেলিভারি বয়কে আটক করে।

    তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিসের। ওই ডেলিভারি বয়ের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ ব্রাউন সুগার। এরপরেই ওই ডেলিভারি বয়কে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম সুজিত হাজদা। সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা। 

    খড়িবাড়ি থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত কয়েক বছর ধরে শিলিগুড়ি শহরজুড়ে একটি খাদ্য সরবরাহ সংস্থার ফুড ডেলিভারি বয়ের কাজ করতো। ধৃতের ফুড ডেলিভারির বয়ের বাক্স থেকে প্রায় ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মুল্য প্রায় কয়েক লক্ষ টাকা।

    তবে প্রশ্ন উঠছে, এত পরিমাণ ব্রাউন সুগার কোথা থেকে এল বা কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিস। বুধবার ধৃত ফুড ডেলিভারি বয়কে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাকে পুলিসি হেফাজতে নিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখবে বলেই জানা জায়।

    দার্জিলিং জেলা পুলিস সূত্রে খবর, দার্জিলিং জেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। এবং গত কয়েক মাসে একাধিক মাদকের বিরুদ্ধে সাফল্য মিলেছে পুলিসের। বেশ কয়েকজন মাদক কারবারিক কেউ গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

  • Link to this news (২৪ ঘন্টা)