অয়ন ঘোষাল: শীতের আমেজ ভালোই রয়েছে রাজ্যে। তবে আগামী ৫-৭ দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। রাতে ভোরে শীতের আমেজ থাকবে। আজও ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলা সামান্য কমবে অনুভূতি। কলকাতায় ২১ তারিখের পর রাতের পারদ সামান্য উঠবে। ২৪ তারিখের পর ফের সামান্য নামবে। বড়দিনে উৎসবের মনোরম আবহাওয়া বহাল থাকার সম্ভাবনা।
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ ১৭ই ডিসেম্বর।
কলকাতায় দিন ও রাতের পারদ স্বাভাবিকের নিচে। দিনের তাপমাত্রা ২৫.৩ আর রাতের তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি। পশ্চিমের জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী কয়েক দিন।
ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ সংলগ্ন এলাকায়। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।
দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা।
অত্যন্ত ঘন কুয়াশার কাল সতর্কতা মধ্যপ্রদেশে। অতি ঘন কুয়াশা থাকবে রাজধানী দিল্লিতে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়েও কুয়াশার ঘনঘটা। কুয়াশা হবে হিমাচল উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে। উত্তর-পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট।