• খসড়া তালিকায় 'কেলেঙ্কারি'! 'ইচ্ছে করে' ১৮ ভোটারের নাম বাদ! ভয়কংর অভিযোগ BLO-র বিরুদ্ধে...
    ২৪ ঘন্টা | ১৭ ডিসেম্বর ২০২৫
  • সোমা মাইতি: SIR-এ ভয়ংকর কেলেঙ্কারির অভিযোগ! SIR ফর্ম জমা দেওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে ১৮ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ BLO সুব্রত দাসের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই তীব্র ক্ষোভ সামসেরগঞ্জ বিধানসভার ১১০ নম্বর বুথে। তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি জানতে চাওয়ায় ভোটারকে মারধর করার অভিযোগ উঠেছে খোদ BLO সুব্রত দাসের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে সামসেরগঞ্জ বিধানসভার জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে।

    বুথে একাধিকবার ভোট দিয়েছেন অনেক মহিলা। তাদেরও নাম বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কারো দুমাস আবার কারো তিনমাস আগে বিয়ে হয়েছে।  অভিযোগ, তাঁরা এনুমারেশন ফর্ম ফিলআপ করে জমা দিলেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মাগফুরা খাতুন নামে এক ভোটারের অভিযোগ, সাত বছর আগে বিয়ে হয়ে জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে সংসার করছেন। ভোটার লিস্টে দু বছর আগেই নাম উঠেছে। শ্বশুরবাড়িতে একবার ভোটও দিয়েছেন। মায়ের বাড়ি চাচন্ড। নভেম্বর মাসে রীতিমত ফর্ম ফিলাপ করে বিএলওকে জমা দিয়েছেন। কিন্তু লিস্ট প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে স্বামী কিংবা শ্বশুর বাড়ির লোকজনের নাম থাকলেও তালিকায় নাম নেই ওই মহিলার। তাতেই আতঙ্কিত হয়ে কার্যত ঘুম ছুটেছে মাগফুরার। 

    একই অভিযোগ চাঁদ কুমার দাস, উমা সরকার, সুস্মিতা দাস, মিতা দাস, মধুমিতা দাস, সনোকাঁ দাস, সম্মানী দাসদের। একসঙ্গে ১১০ নম্বর বুথে প্রায় ১৮ জনের নাম বাদ দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়েছেন স্থানীয়রা। BLO এর কাজের খামখেয়ালিপনা নিয়ে ক্ষুব্ধ ভোটাররা। এদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তেই মঙ্গলবার রাতে BLO সুব্রত দাসের বাড়ি যান চাদকুমার দাস। সঙ্গে ছিলেন তার শ্যালক। অভিযোগ, জিজ্ঞেস করতেই BLO এবং তার সাঙ্গপাঙ্গরা তাদের মারধর করে। এমনকি ইট পাটকেল দিয়েও মারধর করা হয়েছে। 

    অন্যদিকে বিএলও সুব্রত দাসের পালটা দাবি, রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয়েছেন ভোটাররা। ভোটার লিস্ট সংক্রান্ত যা করেছেন তা ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশেই করেছেন বলেই দাবি BLO-র। যদি কিছু ভুল হয়ে থাকে, তবে তা সংশোধন করে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বিএলও সুব্রত দাস। এদিকে পুরো বিষয়টি নিয়ে বিএলওর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বিএলওর বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভোটার লিস্ট থেকে বাদ পড়া ভোটাররা। ইতিমধ্যে বিএলও এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোটার চাদকুমার দাস।

  • Link to this news (২৪ ঘন্টা)