নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ঘুরিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসায় মিঠুন চক্রবর্তী। শনিবার কুলটি বিধানসভার আলডি মাঠে জনসভা করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সভামঞ্চ থেকে গ্রামের মহিলাদের উদ্দেশে মিঠুন বলেন, এক টোটো চালক বলছিলেন লক্ষ্ণীর ভাণ্ডারে যে টাকা দিচ্ছে তা পুলিশ ট্রাফিক ফাইন করে নিয়ে নিচ্ছে। তাও বলব লক্ষ্মীর ভাণ্ডার ভালো। কেউ ছাড়বেন না। আপনাদের টাকা আপনাদেরই ফেরৎ দিচ্ছে। পাশাপাশি এদিন জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়েও মুখে খোলেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর সাফ কথা, সবাইকে এক হয়ে চলতে হবে। হাত জোড় করে বলছি, যা মনোমালিন্য আছে ভুলে যান। নির্বাচনের পর বাকি সব দেখা যাবে। এদিনের সভায় মিঠুন তাৎপর্যপূর্ণ ভাবে বলেন, সিপিএম, তৃণমূল, কংগ্রেসের হিন্দু বিবেকবান যুবকদের কাছে অনুরোধ, সবাই এক হয়ে আমাদের ভোট করুন। একটা ভোটও যেন অন্যদিকে না যায়। এদিন সভায় হাজির ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, অজয় পোদ্দার, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য প্রমুখ।
এদিকে আসানসোল পুরসভার মেয়র পরিষদ সদস্য ইন্দ্রানী মিশ্র বলেন, লক্ষ্মীর ভাণ্ডার অর্থনীতিতে গতি এনেছে। গরিব মানুষের কাছে এই প্রকল্প বড় ভরসা। বিজেপি নেতা জানতেন তাঁর সভাতেও মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের বদনাম শুনবেন না।