মধ্যপ্রদেশে চলন্ত বাইকে বিস্ফোরণ, মৃত্যু চালকের
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
ভোপাল: মধ্যপ্রদেশের শেহোরের রামনগর গ্রাম। ইচ্ছাওয়ার-আস্তা রোডের উপর দিয়ে ছুটছে একটি বাইকে। হঠাৎই তাতে বিস্ফোরণ। মুহূর্তে রাস্তায় ছিটকে পড়লেন চালক। বিস্ফোরণের জেরে তাঁর দু’টি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গোটা দেহই কার্যত পুড়ে গিয়েছে। বাইকটিও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে ইচ্ছাওয়ার থানার পুলিশ। মৃত বাইক চালকের নাম সুখরাম বারেলা। বয়স ৩০। বাড়ি জামলিতে। দেওয়াল ভাঙার কাজ করতেন তিনি। রবিবার সকালে বাইকে চেপে রামনগর যাচ্ছিলেন। সেইসময় গাড়িতে প্রচুর পরিমাণ ডিটোনেটর ছিল। সেগুলির থেকেই বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয়রাই ওই তরুণকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই থানায় খবর দেন। সুখরামকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। তদন্তে নেমেছে ফরেন্সিক দল। সোশ্যাল মিডিয়ায় এসংক্রান্ত একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, বিস্ফোরণের জেরে গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। পাশেই পড়ে রয়েছে সুখরামের দগ্ধ দেহ। পা দু’টি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উচ্ছাওয়ার থানার আইসি পঙ্কজ ওয়াদেকর জানান, গাড়িতে বিস্ফোরক ছিল। কিন্তু, সেজন্যই বিস্ফোরণ কি না, তা রিপোর্ট আসার পরই নিশ্চিতভাবে বলা যাবে।
Link to this news (বর্তমান)