নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিকশিত ভারত জি রাম জি আইন মানবে না কংগ্রেস। তাই নতুন আইন প্রত্যাহার করে ‘মনরেগা’ ফিরিয়ে আনার দাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে টানা ৪৫ দিন আন্দোলন কর্মসূচির ডাক দিতেই পালটা নামছে বিজেপি। দলের সভাপতি জে পি নাড্ডা, কার্যকরী সভাপতি নীতিন নবীন সিনহা এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজেদের মধ্যে বৈঠক করেছেন। অনলাইনে কথা হয়েছে বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী, বিধায়কদের সঙ্গেও। রবিবার দিল্লিতে ১২ সফদরজং রোডের বাংলোয় সাংবাদিক বৈঠকে কংগ্রেসকে আক্রমণ করেন শিবরাজ। বলেন, কংগ্রেস দুর্নীতির ডাকাত। তাই মনরেগায় দুর্নীতি বজায় রাখতেই আন্দোলন করছে। শিবরাজ বলেন, মনরেগায় একই কাজ বারবার দেখিয়ে পয়সা নয়ছয় হয়েছে। তাই আইন বদল করতে হল। তাছাড়া আগে কোথায় কী কাজ হবে, তা ঠিক করত রাজ্য। নতুন আইনে তা করবে গ্রাম সভা, পঞ্চায়েত। কাজের দিনও ১০০ থেকে বেড়ে হয়েছে ১২৫ দিন। ফলে নতুন আইন কীসের খারাপ?