• পাকিস্তান থেকে মাসুদ-হাফিজদের তুলে আনুক ভারত, দাবি ওয়েইসির
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: মাঝরাতে মার্কিন ডেল্টা ফোর্সের অভিযান। নিজের দেশেই বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাতারাতি তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় আমেরিকায়। গ্রেপ্তারির পর রাখা হয়েছে নিউ ইয়র্কের এক জেলে। একইভাবে পাকিস্তানে অভিযান চালাক ভারত। তুলে আনা হোক ২৬/১১ মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী হাফিজ সইদ ও অন্য চক্রীদের। ভেনেজুয়েলায় মার্কিন হামলার উদাহরণ টেনে এমনই দাবি করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।  তাঁর প্রশ্ন, যদি আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নিতে পারে, ‘তাহলে ভারত কেন পাকিস্তানে লুকিয়ে থাকা ২৬/১১ হামলার মূল ষড়যন্ত্রকারীদের দেশে ফিরিয়ে আনতে পারবে না?’ তিনি বলেন, ভারতের উচিত অবিলম্বে মাসুদ আজহার এবং লস্কর-ই-তোইবার অন্যান্য সদস্যদের বন্দি করে তুলে আনা। ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার কথা মনে করিয়ে ওয়েইসি বলেন, ‘অন্তত ১৭০ জন নিরীহ মানুষ প্রাণ গিয়েছিল। অথচ সেই ঘটনার মূল অভিযুক্তরা আজও জেলের বাইরে।’ মিম প্রধানের দাবি, ভারত যদি সত্যিই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, তাহলে কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়িয়ে এই জঙ্গিদের দেশে ফিরিয়ে আনতে হবে। ওয়েইসি আরও বলেন, আন্তর্জাতিক আইনের মাধ্যমে, প্রয়োজনে অন্যান্য দেশের সহযোগিতায় এই কাজ করা সম্ভব। সাফ জানান, শুধু ভাষণ দিয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা হয় না। বাস্তব পদক্ষেপ দরকার। 
  • Link to this news (বর্তমান)