• বিশ্বভারতীতে নিয়োগে অনিয়ম আচার্যের দ্বারস্থ দুই চাকরিপ্রার্থী, অভিযোগ ভিত্তিহীন, দাবি কর্তৃপক্ষের
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর: রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। সেখানে এবার নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠল। গোটা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রকে  ই-মেলে অভিযোগ জানিয়েছেন দুই চাকরিপ্রার্থী। যদিও বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, ‘সমস্ত নিয়ম মেনে নিয়োগ হয়েছে। অভিযোগকারীদের অভিযোগ ভিত্তিহীন।

    ওই দুই চাকরি প্রার্থীর অভিযোগ, ‘বেশ কয়েকটি নন অ্যাকাডেমিক ও প্রশাসনিক স্থায়ী পদে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়নি। নিয়মের বাইরে নিয়োগ করা হয়েছে। এমনকি, ব্যক্তিগত ই-মেলে নিয়োগপত্র পাঠানো হয়েছে। এরমধ্যে সহকারী রেজিস্ট্রার সহ বেশ কয়েকটি পদেও কোনও তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ তাঁদের। এমনকী, লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া সত্বেও চাকরি প্রার্থীদের পরবর্তী পরীক্ষায় বসার কোনও সুযোগ দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

    আচার্য তথা প্রধানমন্ত্রীকে এক চাকুরিপ্রার্থী ই-মেলে লেখেন, সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এবং যথাযথ প্রক্রিয়ার নীতিকে লঙ্ঘন করা হয়েছে। আর এক চাকরিপ্রার্থী এই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে অভিযোগ জানান। নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল টেস্টিং এজেন্সি মারফত কম্পিউটার বেসড টেস্ট প্রক্রিয়ার দীর্ঘ বিলম্বের পর বিশ্ববিদ্যালয় ২৭ অক্টোবর ২০২৫, মেধা তালিকা প্রকাশ করে। চূড়ান্ত ফলাফল ওয়েবসাইটে প্রকাশ না করেই ২১ ডিসেম্বর ২০২৫ সহকারি রেজিস্ট্রার পদে যোগদান করানো হয়। ফলাফল প্রকাশের আগেই কোনও প্রার্থীর যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ পক্ষপাতমূলক। যা অনিয়ম বলেই অভিযোগ এনেছেন ওই চাকুরী প্রার্থীরা। পাশাপাশি প্রার্থীদের প্রাপ্ত নম্বর সহ চূড়ান্ত ফলাফল ও মেধা তালিকা প্রকাশেরও দাবি জানানো হয়েছে অভিযোগ পত্রে। যদিও  নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাকরিপ্রার্থীদের দাবি, তাদের ই-মেলের অভিযোগের বিষয়টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক গুরুত্ব সহকারে দেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য বিশ্ববিদ্যালয়কে জানিয়েছে। অভিযোগের জবাবে বিশ্বভারতী রেজিস্ট্রার ২০২৬ সালের ১ জানুয়ারি  লিখিতভাবে শিক্ষামন্ত্রককে জানিয়েছে, গত ২০২৩ সালে ১৭ এপ্রিল বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে নিয়ম মেনেই। নির্বাচন কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে ৫ ডিসেম্বর অনুমোদন মেলে। কিন্তু চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর সহ চূড়ান্ত মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশ না করেই কেন কাউকে সহকারী রেজিস্ট্রার পদে যোগদান করানো হল, তার সদুত্তর এখনও শিক্ষমন্ত্রককে দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনটাই জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)