• ৭ বছর পার, ঝাড়গ্রামে পরিস্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ ঢিমেতালে
    বর্তমান | ০৫ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম শহরের বাড়ি, বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু প্রকল্পের কাজ চলছে শামুকের গতিতে। ঝাড়গ্রাম পুরসভার ৭টি ওয়ার্ডে পরীক্ষামূলক পানীয় জল সরবরাহ শুরু হয়েছে। বাকি ১১ ওয়ার্ডে এখনও জল সরবরাহ করা যায়নি। কাজেই চলতি বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা যাবে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। 

    ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান শিউলি সিংহ বলেন, সাতটি ওয়ার্ডে পরীক্ষামূলক জল সরবরাহ শুরু হয়েছে। কিছু ওয়ার্ডের সব জায়গায় জল সরবরাহ করা যায়নি। এই কাজ শেষ করে বাকি ওয়ার্ডগুলিতে জল সরবরাহ শুরু হবে। আমরা আশা করছি চলতি বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা যাবে। 

    ২০১৭ সালে ঝাড়গ্রাম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। পুরসভার ১৮টি ওয়ার্ডে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প শুরু হয়। প্রথম পর্যায়ে রাজ্যের পুর বিষয়ক দপ্তর পুরসভাকে ৯ কোটি টাকা দিয়েছিল। মোট প্রকল্পের ব্যয় ৯৬ কোটি টাকা ধার্য হয়। শহরে ৭ লক্ষ গ্যালন জলের চাহিদা রয়েছে। বর্তমানে তিন লক্ষ গ্যালন জল সরবরাহ করা হচ্ছে। বিনপুর -১ ব্লকের বৈতার কংসাবতী নদী থেকে পাইপ লাইন আনা হয়েছে। পরিস্রুত ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজও হয়ে গিয়েছে। শহরের মাঝখান দিয়ে দক্ষিণ পূর্ব রেলের রেললাইন গিয়েছে। রেললাইনের তলা দিয়ে পাইপ লাইন বসানোর কাজে জটিলতা তৈরি হয়। যার জেরে প্রকল্পর কাজ গতি হারিয়েছিল। এদিকে, প্রকল্পের কাজ দু’বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু সাত বছর কাটলেও কাজ শেষ হয়নি। যার জেরে প্রকল্পের ব্যয়ও অনেকটাই বেড়েছে। 

    পুরসভা সূত্রের খবর, শহরের রেল লাইনের তলা দিয়ে পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়েছে। বাকি কাজ এবার দ্রুততার সঙ্গে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

    কিন্তু সমস্যা হল পুরসভার সাতটি ওয়ার্ডে পরীক্ষামূলক জল সরবরাহ শুরু হলেও অনেক বাড়িতে জল এসে পৌঁছাচ্ছে না। মাঝেমধ্যেই পাইপ লাইন ফেটে জল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিত সর্দার বলেন, ঘরে ট্যাপ কল বসানো হয়েছে। কিন্তু মিটার এখনও বসানো হয়নি। জল সরবরাহ কবে থেকে শুরু হবে জানি না।

    ঝাড়গ্রাম পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক আধিকারিক বলেন, রেল লাইনের তলা দিয়ে পাইপ লাইন বসানোর কাজে জটিলতা তৈরি হয়েছিল। সেই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু করা যায়নি। তবে সমস্যা মিটছে। আশা করছি  চলতি বছরের মধ্যে পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ শেষ করা যাবে।
  • Link to this news (বর্তমান)