সংবাদদাতা, বর্ধমান: ৭০ বছরের বৃদ্ধার উপর যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিশ। ধৃতের নাম জিতেন বাগ। রবিবার ভোরে বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এদিন তাকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। সিজেএম তাকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে ১৭ জানুয়ারি ফের আদালতে পেশ করার নির্দেশ দেন। তদন্তকারী আধিকারিক ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর আবেদন জানান। সিজেএম বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগে সেই পরীক্ষা করানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে রায়না থানা এলাকায় ওই বৃদ্ধা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, সেই সময় ওই যুবক ঘরে ঢুকে তাঁর উপর যৌন নির্যাতন চালায়। বৃদ্ধা চিৎকার করতে গেলে তাঁর গলা টিপে ধরে। তাঁকে কামড়েও দেয়। বৃদ্ধার চিৎকার শুনে অন্য ঘর থেকে তাঁর নাতি ও পুত্রবধূ আসেন। তাঁরা জিতেনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে বৃদ্ধার পুত্রবধূ থানায় অভিযোগ জানালে পুলিশ জিতেনকে গ্রেপ্তার করে। ওই বৃদ্ধা এখন বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।