• বর্ষবরণ উত্সব মঞ্চে সাফাই কর্মীদের সংবর্ধনা দিল পুরাতন মালদহ পুরসভা
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
  • মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: পুরাতন মালদহ পুরসভার বর্ষবরণ অনুষ্ঠান মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হল স্থানীয় সাফাই কর্মীদের। শুধু তাই নয়, সোমবার রাতে জাঁকজমক করে অনুষ্ঠানের মাধ্যমে শহরে তিনদিনের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়েছে। আগামী বছর আরও বড় আকারে কার্নিভালের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। বলেন, পুরসভার সমস্ত কাউন্সিলারদের মতামত নিয়ে এবং পুর কর্মচারী, নাগরিক, যুবদের চেষ্টায় বর্ষবরণ উৎসব খুব সুন্দরভাবে হয়েছে। সমালোচকরা সমালোচনা করবেন। আগামী দিনে আরও ভালো শিল্পী এনে উৎসব করা হবে। এবার হাতে সময় কম থাকলেও তিনদিন মানুষকে আনন্দ দিয়েছি।

    ৩ জানুয়ারি থেকে মঙ্গলবাড়ি বিবেকানন্দ মোড়ে বর্ষবরণ উৎসবের সূচনা হয়। ওই অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবাড়ি চত্বর আলোয় মুড়ে ফেলা হয়। আলপনা দিয়ে সাজানো হয়েছিল পুরনো জাতীয় সড়ক। উত্সবের সূচনার রাতে ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ পুরসভার সিংহভাগ কাউন্সিলার অংশ নেন। পুলিশ, প্রশাসনের পদস্থ কর্তারাও ছিলেন সেখানে। মঞ্চে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার ছিল আঁটোসাঁটো।

    ৩ জানুয়ারি রাতে মঞ্চ মাতাতে দেখা যায় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ এবং ঐন্দ্রিলা, গায়ক ইমন চট্টোপাধ্যায়কে। ৪ জানুয়ারি সকালে বিরাট অঙ্কন প্রতিযোগিতা হয়। ওই রাতে শিল্পী সেঁজুতি দাস গানের আসর জমিয়ে দেন। শেষ রাতে মঞ্চে দর্শকদের মন মাতান জনপ্রিয় শিল্পী আদনান আহমেদ। চেয়ারম্যান বলেন,সাফাই কর্মীদের উৎসাহ দিতে সংবর্ধনা দিয়েছি আমরা।  বর্ষবরণ অনুষ্ঠানে পুরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলাররা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)