• অ্যাম্বুলেন্স পেতে দেরি, রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা নার্সিংহোমে
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সময়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না হওয়ায় এক প্রবীণ রোগীর মৃত্যুকে ঘিরে বুধবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার আন্দুল এলাকা। এই অভিযোগকে কেন্দ্র করে এক নার্সিংহোমের সামনে উত্তেজনা ছড়ায়। মৃতের আত্মীয়রা নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আন্দুলের আরগোড়ি এলাকার বাসিন্দা শেখ আনিস (৬৮) হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা অনুভব করলে তাঁকে দ্রুত নিকটবর্তী ওই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা গুরুতর। এই নার্সিংহোমে প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো না থাকায় তাঁকে দ্রুত অন্যত্র স্থানান্তর করা জরুরি। অভিযোগ, নার্সিংহোমের বাইরে একাধিক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকলেও কোনও চালকের দেখা পাওয়া যায়নি। রোগীর পরিবারের দাবি, প্রায় ৪৫ মিনিট ধরে তাঁরা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাইরে থেকে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে অন্য নার্সিংহোমে রোগীকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান, আগেই রোগীর মৃত্যু হয়েছে। তবে আরও ঘণ্টাখানেক আগে নিয়ে আসা হলে চিকিৎসার সুযোগ ছিল। 

    এই খবর শোনার পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়-পরিজনরা। প্রথমে তাঁরা আগের নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে থাকা তিনটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপর নার্সিংহোমের ভিতরে ঢুকে ভাঙচুরের চেষ্টা করলে সাঁকরাইল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)