পাইপ পাতার জন্য রাস্তার বেহাল দশা, মেরামতের দাবি বাসিন্দাদের
বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে মাটির নীচে পাতা হয়েছিল পাইপলাইন। ফলে শ্যামপুর ২ ব্লকের আমড়াদহ গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের রাস্তার হাল খারাপ। যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ওই এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি জানানো হলেও সমস্যার কোনও সুরাহা হয়নি। যদিও গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে সব রাস্তাই সারাই করা হবে।
আমড়দহ গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কয়েক মাস আগে রাস্তার পাশে মাটির নীচে পাইপলাইন পাতা হয়। ফলে বেশ কয়েকটি জায়গায় রাস্তার ক্ষতি হয়। গ্রামবাসীদের অভিযোগ, মাটির নীচে পাইপ পাতার পর মাটি চাপা দিয়ে দিলেও ভাঙা রাস্তা মেরামত করা হয়নি। ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে রাতে সমস্যা বাড়ছে। রাস্তা খারাপের জন্য চারচাকা গাড়িও প্রবেশ করতে পারছে না।
স্থানীয় দুর্গাপুরের বাসিন্দা অজয় মান্না বলেন, গত তিনমাস ধরে রাস্তা খারাপ হয়ে আছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি। কেউ অসুস্থ হয়ে পড়লে অনেক ঘুরপথে তাঁকে নিয়ে যেতে হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে রাস্তা সারানোর আবেদন জানান তিনি। এলাকার এক শিক্ষক আশিস মণ্ডল বলেন, এগুলিই এখানকার প্রধান রাস্তা। কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে রাস্তাগুলো খারাপ, যাতায়াতে সমস্যা হচ্ছে। রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ, রাস্তাগুলি দ্রুত মেরামত করা হোক।
এলাকার কংগ্রেস নেতা আতিয়ার খান অভিযোগ করেন, ঠিকাদার তাঁর দায়িত্ব ঠিকভাবে পালন না করায় রাস্তাগুলোর এই অবস্থা। আমড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি মাইতি জানান, বিভিন্ন জায়গায় রাস্তার পাশে মাটির নীচ দিয়ে পাইপ যাওয়ায় এই সমস্যা হয়েছে। তবে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। শ্যামপুর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা বলেন, মাটির নীচে পাইপলাইন পাতার পর কোথাও পাইপ লিক করে জল বের হচ্ছে কি না সেটা পরীক্ষা করার জন্য মেরামত করতে একটু দেরি হচ্ছে। তবে সব রাস্তা দ্রুত মেরামত করে দেওয়া হবে। নিজস্ব চিত্র