সরকারি কর্মী সেজে বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ, ধৃত এজেন্ট
বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নামী বেসরকারি ব্যাংকের বিবাদী বাগ শাখা থেকে মোট ৬২ লক্ষ টাকা পার্সোনাল লোন আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বেসরকারি ব্যাংকের এক এজেন্টকে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতের নাম আলাউদ্দিন শাহ (৩৪)। বাঁকুড়ার রসুলপুরের বাসিন্দা আলাউদ্দিনকে বর্ধমানের খণ্ডঘোষ থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছেন লালবাজারের ব্যাংক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা। এই নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করল লালবাজার। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, এই চক্রের সদস্যরা রাজ্য সরকারের সেচ, স্বাস্থ্য এবং বনদপ্তরের কর্মী পরিচয় দিয়ে পার্সোনাল লোন নিয়েছিল। এরজন্য নথি হিসেবে তারা ব্যাংকে ভুয়ো পে-স্লিপ, জাল অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও পরিচয়পত্র দাখিল করেছিল। কিন্তু ঋণের কিস্তি শোধ না করায়, ব্যাংক প্রতারণার বিষয়টি সামনে আসে। এরপরই হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল ব্যাংকটি।
যার ভিত্তিতে গত বছর কলকাতার হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। পরে এই মামলার তদন্তভার স্থানীয় থানার হাত থেকে লালবাজারের ব্যাংক জালিয়াতি দমন শাখার গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়। এই মামলার তদন্তে নেমে লালবাজার বাকুঁড়া, বর্ধমান ও হাওড়া থেকে যথাক্রমে আকাশ ধীবর, রানা বাল্মিকী ও সৌমিত্র রায়কে গ্রেপ্তার করেছিল। ধৃত তিনজনই বর্তমানে জামিনে রয়েছে।
এদিকে, ধৃত আলাউদ্দিন শাহকে বুধবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক ১৫ জানুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।