• প্রাইভেট গাড়িকে পাশ দিতে গিয়ে বিপত্তি, হেলে গেল যাত্রীবাহী বাস
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি যাত্রীবাহী বাস। বুধবার দুপুরে পিছন থেকে আসা একটি প্রাইভেট গাড়ির চালক বাসটিকে ওভারটেক করার জন্য ক্রমাগত হর্ন বাজিয়ে যাচ্ছিলেন। ফলতার ফতেপুর এলাকায় কাছে বাসটি সাইড দিতে বাঁদিকে চেপে গেলে ঘটে বিপত্তি। রাস্তা থেকে ধারে হেলে পড়ে বাসটি। তবে সেখানে ক্র্যাশ ব্যারিয়ার (রাস্তার ধারে লোহার স্তম্ভ সহ রেলিং) থাকায় উল্টে যায়নি সেটি। প্রত্যক্ষদর্শীরা জানান, এমনভাবে হেলে যায় বাসটি যে, সেটির ডানদিকের চাকা অনেকটা শূন্যে উঠে যায়। আর ওভারটেক করার সময় বাসের পিছনের একটি অংশে ধাক্কা মেরে বেরিয়ে যায় গাড়িটি। যদিও ট্রাফিক পুলিশ ধাওয়া করে সেই গাড়ির চালককে ধরে ফেলে।

    জানা গিয়েছে, ওই বাসে প্রায় ২০ জন যাত্রী ছিলেন। এদিন দুপুরে ডায়মন্ডহারবারের নুরপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল সেটি। ট্রাফিক পুলিশের দাবি, অনেকটা দূর থেকেই হর্ন বাজিয়ে সাইড চাইছিলেন ওই প্রাইভেট গাড়ির চালক। কিন্তু ১১৭ নম্বর জাতীয় সড়কে ওভারটেক করা সহজ নয়। তবে ফতেপুর বাস স্টপেজের কাছে গতি কমিয়ে বাঁদিক চেপে ওই গাড়িটিকে সাইড দেওয়ার চেষ্টা করেন বাসের চালক। কিন্তু সেখানে রাস্তার ধারের অংশ খানিকটা নিচু। সেখানে চাকা নেমে যেতেই আর ভারসাম্য রাখতে পারেননি চালক। কাত হয়ে গিয়ে ওখানে ক্র্যাশ ব্যারিয়ারে আটকে যায় বাসটি। এরপর স্থানীয় বাসিন্দারা এসে বাসের যাত্রীদের নামিয়ে আনেন। পুলিশ ওই গাড়িটির চালককে থানায় নিয়ে গিয়েছে। ট্রাফিক পুলিশের দাবি, যদি বাসটি উল্টে যেত, তাহলে কেউ না কেউ হতাহত হতেনই।-নিজস্ব  চিত্র
  • Link to this news (বর্তমান)